কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে মো. আইয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে তিনি টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।
আহত আইয়ুব উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (এফডিএমএন) ব্লক-৪-এর বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং সীমান্তের ওপারে নাফ নদীর রাখাইন অংশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আজ সকালে আইয়ুব হোয়াইক্যং ছোটবিল বিজিবি পোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা নাগরিক জানিয়েছেন, গতকাল মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। সেখানে আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন। পরে বিজিবির সহায়তায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্ত পেরিয়ে কেউ যেন মিয়ানমারে প্রবেশ না করে, সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আপনার মতামত লিখুন