টাঙ্গাইলের কালিহাতীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত একটার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমণি বাগানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিনের জমির সীমানা নিয়ে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে এই বিরোধ চলে আসছিল। বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে শাহ আলম গুরুতর আহত হন।
স্বজনেরা জানান, শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) আবদুস ছালাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন