নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা ‘সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আয়োজিত এই মেলায় ৪২০টি জীবনবৃত্তান্তের (সিভি) বিপরীতে ১৬৭ জনকে প্রাথমিকভাবে চাকরির জন্য নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার খাসেরহাট বাজারের ইনডোর স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন খাতের ১৬টি নামী প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়ে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করে।
আয়োজক সংস্থা জানায়, মেলায় আরএফএল, ইস্পাহানি, ওয়ালটন, ব্র্যাক, ইউনাইটেড ও রহমান মটরসসহ ১৬টি কোম্পানি বিভিন্ন পদে নিয়োগের জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে। দিনভর উৎসাহী চাকরিপ্রার্থীদের ভিড় দেখা যায় মেলা প্রাঙ্গণে। যাচাই-বাছাই শেষে উপস্থিত প্রতিনিধিরা ১৬৭ জনকে প্রাথমিক পদের জন্য মনোনীত করেন।
মেলা চলাকালে পরিদর্শনে আসেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান এবং সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনসহ অনেকে।
চাকরিপ্রার্থীরা জানান, ঘরের কাছে এমন নামী কোম্পানিতে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পাওয়ায় তারা আনন্দিত। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মতে, এ ধরনের মেলা সাধারণত জাতীয় পর্যায়ে বা বড় শহরগুলোতে হয়। গ্রামীণ পর্যায়ে এমন আয়োজনের ফলে স্থানীয় দক্ষ শ্রমিক ও জনবল খুঁজে পাওয়া সহজ হয়েছে।
আপনার মতামত লিখুন