উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর। বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন এই গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। কিন্তু ব্যস্ততম এই বাসস্ট্যান্ডে কোনো যাত্রীছাউনি না থাকায় রোদ আর বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বুধবার (২৪ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, তপ্ত রোদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন অসংখ্য যাত্রী। মাথার ওপর ছাউনি না থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি।
স্থানীয়রা জানান, হঠাৎ বৃষ্টি নামলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। তখন নিরুপায় হয়ে যাত্রীরা রাস্তার ধারের দোকানগুলোর নিচে আশ্রয় নেন।
মোকামতলা দিয়ে প্রতিদিন বগুড়া, ঢাকা, রংপুর, নওগাঁ, রাজশাহী ও জয়পুরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলার বাস চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হলেও দীর্ঘ অপেক্ষার সময় জিরিয়ে নেওয়ার ন্যূনতম ব্যবস্থা নেই।
শিহাব নামের এক যাত্রী আক্ষেপ করে বলেন, ‘মাঝেমধ্যে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়। কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। বিশেষ করে নারী ও শিশুদের অবস্থা বেশি খারাপ হয়। আবার বৃষ্টি এলে ভেজা ছাড়া উপায় থাকে না। পাশের দোকানগুলোতে আশ্রয় নিলে দোকানিরাও বিরক্ত হন।’
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মোকামতলায় একটি আধুনিক যাত্রীছাউনি নির্মাণ এখন সময়ের দাবি। এটি নির্মিত হলে যাত্রীদের দুর্ভোগ কমার পাশাপাশি এলাকার পরিবেশও উন্নত হবে।
এ বিষয়ে নবগঠিত মোকামতলা উপজেলার অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা (এইউএনও) জিয়াউর রহমান বলেন, ‘মোকামতলা বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি না থাকার বিষয়টি আমাদের নজরে আছে। যেহেতু স্থানটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন, তাই তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে। সওজ উদ্যোগ না নিলে পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করা হবে।’
আপনার মতামত লিখুন