জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার তিনটি আলাদা কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, সকালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র চলাকালে হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চবিদ্যালয় কেন্দ্রে মো. সোলেমান মিয়া এবং হাতিভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় নামে দুই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করেন। কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি শনাক্ত করেন।
অন্যদিকে, বিকেলে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ কেন্দ্রে হানিফ মিয়া নামের আরেক পরীক্ষার্থীকে মোবাইলসহ ধরা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে ইউএনও শেখ জহুরুল হোসেন বলেন, ‘পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আমাদের তদারকি অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন