আগুনের ধ্বংস চাই না, আলো চাই
কিছুদিন আগে গোপালগঞ্জ, নড়াইল আর পাবনায় যে রোমহর্ষক ঘটনা ঘটেছে, সেগুলোর খবর পরিবেশনে আমাদের মূলধারার গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমের কাছে হেরে গেছে। গোপালগঞ্জ, নড়াইল, পাবনা, পটুয়াখালী, চট্টগ্রামের হাটহাজারী, দিনাজপুরের স্বপ্নপুরী যখন আগুনে দাউ দাউ করে জ্বলছিল, তখন আমাদের মূলধারার গণমাধ্যম—দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেল—না জানার ভান করে রইল। সামাজিক যোগাযোগমাধ্যমের দাপটে তারা এই নীরবতা ভাঙতে বাধ্য হলেও খবর প্রচার করল পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে; নিজের চোখে দেখে নয়, নিজের কানে শুনে নয়। প্রচার শুরু করল—নড়াইলের আগুনের ঘটনার ছবি ও ভিডিও এআই দিয়ে তৈরি। কিন্তু তাদের এই বক্তব্য চুপসে গেল, যখন কালিয়ার এক বিএনপি নেতার বিবেকের তাড়নায় পদত্যাগের ঘোষণা ভেসে এল। তখন প্রশ্ন উঠল—যদি সবই এআই দিয়ে তৈরি হয়, তাহলে ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল নেতা কেন পদ ছাড়লেন? এই প্রশ্নের জবাব মূলধারার গণমাধ্যম দিতে পারেনি, দিতে চায়নি।নড়াইলের ঘটনাটিই গণমাধ্যমের এই ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ। ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়ার বেন্দারচরে বিএনপির মিছিলে হামলায় দুই নেতা নিহত হলেন—কৃষক দলের শাহীন আর জাসাসের সোহেল। পুলিশ বলছে, হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরা। গ্রেপ্তার হয়েছেন দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস। এর দুই দিন পর, শুক্রবার বিকেলে বেন্দারচরে একের পর এক নিষিদ্ধ আওয়ামী লীগের লোকদের বাড়িতে আগুন লাগানো হলো। ফায়ার সার্ভিস বলছে, ২০ থেকে ২৫টি পরিবারের ৫০টির বেশি ঘর পুড়েছে। প্রশাসন বলছে, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর হয়েছে। সংখ্যা নিয়ে এই গরমিলই প্রমাণ করে, মাঠে গিয়ে কেউ ঠিকমতো খবর সংগ্রহ করেনি। এর মধ্যেই একটি মহল থেকে দাবি উঠল—বিএনপির দুই কর্মীর হত্যা নাকি প্রেমঘটিত বাক্বিতণ্ডা থেকে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা মারা গেছেন, তারাও নাকি বিএনপির কর্মী নন। আবার আরেক মহল থেকে দাবি উঠল—হিন্দু পাড়ায় আগুন দেওয়া হয়েছে। পুলিশ বলছে, বেন্দারচরে কোনো হিন্দু বসতিই নেই। ছড়িয়ে পড়া ভিডিওগুলোর অনেকগুলো পুরোনো এবং এআই দিয়ে তৈরি। সত্য কোনটি, মিথ্যা কোনটি—এই যাচাই করার কথা ছিল গণমাধ্যমের। গণমাধ্যম তা করেনি বলেই গুজব সেই শূন্যস্থান দখল করে নিয়েছে।গণমাধ্যম তার দায়িত্ব পালন না করলে গুজব সেই শূন্যস্থান দখল করে নেবেই। দেশের যেকোনো সংকট মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা বারবার ভুলে যাই, ভুলিয়ে দেওয়া হয়। গণমাধ্যম নিরপেক্ষ ও সাহসী না হলে সরকার প্রকৃত তথ্য জানতে পারে না, জনগণও থাকে অন্ধকারে। তখন গুজব আর মিথ্যা রটনায় তৈরি হয় অবিশ্বাস। অবিশ্বাস থেকে তৈরি হয় ক্ষোভ, ক্ষোভ থেকে তৈরি হয় সংঘাত, আগুন, রক্ত আর আহাজারি। গণমাধ্যমের চুপ থাকা তাই শুধু সাংবাদিকতার ব্যর্থতা নয়, সমস্যা সমাধানের পথেও একটি বড় বাধা, মানবতার বিরুদ্ধে বিরাট অপরাধ। আমাদের নিশ্চয়ই মনে আছে, গণমাধ্যমের দৃঢ় ভূমিকায় আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের পতন হয়েছিল। আবার ভুয়া খবর পরিবেশনার কারণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিক ও সংবাদ সংস্থার জন্য ‘ফেইক নিউজ অ্যাওয়ার্ড’ চালু করতে চেয়েছিলেন। বাংলাদেশেও অন্তর্বর্তী সরকারের আমলে একজন উপদেষ্টাকে প্রশ্ন করে দুই সাংবাদিক চাকরি খুইয়েছিলেন বলে অভিযোগ আছে। টকশোতে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কথা বললে জুতা দিয়ে পেটানোর আহ্বান জানিয়েছেন বলে খবর এসেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক সহকারী রাশেদ খানের বিরুদ্ধে। এই ভয়, এই চাপ গণমাধ্যমকে দিন দিন আরও নীরব করে দিচ্ছে।পৃথিবীর বিভিন্ন দেশে গণমাধ্যম কীভাবে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে, তা সাম্প্রতিক সময়ে গাজায় সাংবাদিকদের মৃত্যুর মিছিল দেখলেই বোঝা যায়। সেখানে সাংবাদিকরা জানতেন, ক্যামেরা হাতে দাঁড়ালেই মৃত্যু। তবুও তারা দাঁড়িয়েছিলেন, কারণ সত্য না জানালে দুনিয়া তা জানতে পারবে না। রুয়ান্ডায় গৃহযুদ্ধের সময় গণহত্যা চলাকালে সেখানকার কিছু রেডিও ঘৃণা ছড়াচ্ছিল। আন্তর্জাতিক গণমাধ্যম সেই ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য তুলে ধরার চেষ্টা করেছিল। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রচারিত সত্য বিশ্ববাসী যখন জানতে পারল, তত দিনে দা-ছুরির কোপে অসংখ্য মানুষের গর্দান দুই ভাগ হয়ে গেছে। এই নৃশংস হত্যাযজ্ঞ যথাসময়ে অনুধাবন করতে না পারায় আমেরিকা পরে দুঃখ প্রকাশ করেছিল। সিয়েরা লিওন, লাইবেরিয়া, কঙ্গোসহ আফ্রিকার বিভিন্ন দেশে সংঘাতে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকার কারণে বহু মানুষের প্রাণ বেঁচেছে, বহু গ্রাম ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। গণমাধ্যম যখন সাহসী হয়, তখন আগুন নেভে, সত্যের সামনে ফ্যাসিবাদ ভয় পায়। গণমাধ্যম যখন ভয়ে চুপ থাকে, তখন আগুন বাড়ে, রক্ত ঝরে, মানবতা লজ্জায় মুখ লুকায়।এই অস্থিরতার সঙ্গে আরও কয়েকটি অস্থিরতা মিলে পরিস্থিতিকে আরও জটিল, আরও ভয়াবহ করে তুলেছে। এর মধ্যে রয়েছে পোশাকশ্রমিকদের আন্দোলন আর রাস্তায় মবের ঘটনা। সন্দেহ হলেই মব তৈরি করে মানুষকে ঘিরে ফেলা হচ্ছে, বিচার ছাড়াই শাস্তি দেওয়া হচ্ছে। থানা মবকে সমীহ করছে। থানা বশীকরণের এই করুণ চিত্র আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দিনদুপুরে রাস্তাঘাটে, পাড়া-মহল্লায়, গভীর রাতে বাড়ি বাড়ি ‘ফ্যাসিস্ট’ তল্লাশির খবরে সাধারণ মানুষও আতঙ্কিত হচ্ছে। যারা দলের সমর্থক, কিন্তু সক্রিয় কর্মী নন, তারাও দরজায় কড়া নাড়ার শব্দ শোনার ভয়ে কেঁপে উঠছেন। এই ভয় ও আতঙ্কের সুযোগ নিচ্ছে সন্ত্রাসী আর চাঁদাবাজেরা। মোটা অঙ্কের অর্থ দাবি করে হেনস্তা থেকে বাঁচানোর আশ্বাস দিচ্ছে। এই ভয়ই এখন দেশের সবচেয়ে বড় ব্যবসা হয়ে উঠেছে—ভয়ের ব্যবসা।আগুনের একটা নিজস্ব চরিত্র আছে, যা চুরি-ডাকাতির সঙ্গে মেলে না, কোনো অপরাধের সঙ্গেও মেলে না। চুরি, ডাকাতি আর লুট হলে কিছু না কিছু অবশিষ্ট থাকে। কিন্তু আগুনে পুড়লে থাকে শুধু ছাইভস্ম। একটা ঘরের খুঁটি, বেড়া ও ছাউনি পোড়ার সঙ্গে সঙ্গে পুড়ে যায় একজন বাবার সারা জীবনের পরিশ্রমলব্ধ সঞ্চয়, একজন মায়ের স্বপ্ন, একজন ছেলের পাঠ্যবই, একজন মেয়ের বিয়ের জন্য জমানো অর্থ। এই ক্ষতির কোনো হিসাব সরকারি ফাইলে আসে না। ফাইলে লেখা থাকে—এতটি বাড়ি পুড়েছে, এত টাকার ক্ষতি হয়েছে। কিন্তু ফাইলে লেখা থাকে না—ওই বাড়ির ছেলেটি আর স্কুলে যেতে পেরেছে কি না, মেয়েটির বিয়ে হয়েছে কি না, মা-বাবার আর মাথা গোঁজার ঠাঁই হয়েছে কি না। দেশের পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি। দেশের অর্থনীতির পুনরুদ্ধারে মানুষের মানসিক প্রশান্তির কোনো বিকল্প নেই। রাজনৈতিক অস্থিরতা, সংঘাত, অনিশ্চয়তা, ভয় ও নিরাপত্তাহীনতায় দেশের অর্থনীতি রুগ্ণ হচ্ছে। মানুষ রাজনীতি করে সুন্দর জীবনের জন্য, ভয়, বিভেদ কিংবা হতাশা তৈরি করার জন্য নয়। মানসিক ক্ষত দীর্ঘস্থায়ী হলে দেশ ক্রনিক ক্ষয়রোগে আক্রান্ত হতে পারে।আগুন নয়—চাই আলো, প্রতিহিংসা নয়—চাই সম্প্রীতি, সংঘাত নয়—চাই শান্তি, বিভেদ নয়—চাই সমন্বয়। ঊনসত্তরে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে গণআন্দোলনে জনপ্রিয় স্লোগান ছিল, ‘জ্বালাও জ্বালাও—আগুন জ্বালো’। প্রচলিত আছে, দেশ স্বাধীন হওয়ার পর এই স্লোগান নিয়ে মাওলানা ভাসানীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘আমি তো মনে আগুন জ্বালাতে বলেছিলাম, ঘরে বা বাসে নয়।’ নেতারা কথার মারপ্যাঁচ জানেন, কিন্তু কর্মীরা শুধু ঝুঁকি নেন। সরকার পরিবর্তন হলে বিপদে পড়েন কর্মীরাই। অন্যদিকে, গণমাধ্যম তাবেদারির স্বভাব ত্যাগ না করলে অচিরেই তাদের অস্তিত্বের সংকট আরও ঘনীভূত হতে পারে। পাঠক বয়কট করতে পারেন। এখন প্রত্যেকের হাতেই খবর সংগ্রহের বিকল্প ব্যবস্থা রয়েছে। রাজনীতির মাঠে প্রতিশোধ নিলে প্রতিশোধ বাড়ে, বিচার হলে স্বস্তি আসে, ক্ষমা হলে মুক্তি আসে। আগুন চাই না, আলো চাই। মানুষ বাঁচবে ভয়ে নয়—আশায় ও বিশ্বাসে।(লেখকের নিজস্ব মত)[লেখক: সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক]