আবহমান বাংলার গ্রামীণ অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে প্রাণিসম্পদ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কৃষিনির্ভর এই দেশে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন শুধু পারিবারিক পুষ্টি ও জীবিকার উৎস নয়, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখারও অন্যতম ভিত্তি। সময়ের পরিবর্তনে প্রাণিসম্পদ খাত এখন আর শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বাজারে রপ্তানি আয় বাড়ানোর নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ ও কার্যকর বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত হয়ে উঠতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের সাম্প্রতিক অগ্রগতি আশাব্যঞ্জক। ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। দেশের প্রায় ২০ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে এবং ৫০ শতাংশ মানুষ পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল। মোট পরিবারের ৪৩ দশমিক ৬৪ শতাংশ কোনো না কোনোভাবে প্রাণিসম্পদ ও হাঁস-মুরগি পালনের সঙ্গে যুক্ত।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের তথ্য অনুযায়ী, দেশে দুধ উৎপাদিত হয়েছে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন, মাংস ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন এবং ডিম ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ। এসব উৎপাদন দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ভিত্তিও তৈরি করছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ, ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম এবং এশিয়ায় ডিম উৎপাদনে ১৪তম। এ ছাড়া প্রাণী ও প্রাণিজাত ১৬টি পণ্য আন্তর্জাতিক বাণিজ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে। এসব অর্জন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরির সুযোগ করে দিয়েছে।
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনার আরেকটি ইতিবাচক দিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানি করে আয় হয়েছে ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার। পরবর্তী ছয় মাসে, অর্থাৎ ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৬৩ লাখ ডলারে। আগের ছয় মাসের তুলনায় এই আয় প্রায় ২১৭ শতাংশ বেশি (সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর)। এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিজাত পণ্যের চাহিদা ও সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে এ ধারা ধরে রাখতে পণ্যের মান, উৎপাদনব্যবস্থা ও বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।
ইতোমধ্যে বাংলাদেশ থেকে মালদ্বীপ, কানাডা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নাইজেরিয়া, ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিসর, কুয়েত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও নেপালসহ বিভিন্ন দেশে প্রাণিজ পণ্য রপ্তানি হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্য, দধি, রসমালাই, মিষ্টি, জিলেটিন, হাঁসের পালক, গরুর লেজের লোম, কবুতর, গরু ও মহিষের শিং এবং ভেটেরিনারি ওষুধের সম্পূরক উপাদান।
সম্প্রতি পোল্ট্রি খাতে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৬ সালের ২৮ জুন কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি ‘রস ৩০৮’ ব্রয়লার প্যারেন্ট হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি করে। চালানটির মূল্য ছিল প্রায় ১৯ হাজার মার্কিন ডলার। এটি বাংলাদেশের পোল্ট্রি খাতের উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাতকে রপ্তানিমুখী করার সরকারি লক্ষ্য বাস্তবায়নেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
বিশ্ববাজারে প্রাণিজ পণ্যের চাহিদা বাড়ছে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় হালাল মাংস, প্রক্রিয়াজাত খাদ্য, ডিম ও দুগ্ধজাত পণ্যের বড় বাজার রয়েছে। বাংলাদেশের জন্য এসব বাজার সম্ভাবনাময়। দেশে রয়েছে বিপুলসংখ্যক খামারি ও উদ্যোক্তা, প্রাণিসম্পদ উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতা এবং তুলনামূলক কম উৎপাদন ব্যয়ের সুযোগ। এ ছাড়া দেশের ঐতিহ্যবাহী মিষ্টি, দধি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য আন্তর্জাতিক বাজারে স্বতন্ত্র পরিচিতি পেতে পারে। বাংলাদেশে ইতোমধ্যে ১১টি মিষ্টি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এসব পণ্যের রপ্তানি বাড়াতে গুণগত মান, প্যাকেজিং, সংরক্ষণ ও বাজারজাতকরণে আন্তর্জাতিক মান অনুসরণ জরুরি।
এ বাস্তবতায় ২০২৬ সালের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। ২৬ থেকে ২৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এ সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ জাতীয় প্রাণিসম্পদ পদক। গবাদিপশুর খামার, পোল্ট্রি, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, প্রাণীখাদ্য, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, গণমাধ্যম, সমাজভিত্তিক সংগঠন ও প্রাণীকল্যাণ—এই নয়টি ক্ষেত্রে খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ খাতের মানবসম্পদ উন্নয়নেও অগ্রগতি হয়েছে। ৫ হাজার ৪৪৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত করা হয়েছে ১৬ হাজার ৮৩৮ জন সফল উদ্যোক্তাকে। সারা দেশে ৮৭ হাজার ৫৩৬টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, গবাদিপশুর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ, ১৭টি রোগের বিপরীতে ৩৪ কোটি ডোজ টিকা উৎপাদন এবং প্রাণী চিকিৎসাসেবা সম্প্রসারণ এ খাতের সক্ষমতা বাড়াচ্ছে।
তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রাণীর সংক্রামক রোগ, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং দুর্বল জীবাণুনিরাপত্তা ব্যবস্থা নিরাপদ উৎপাদনের পথে বাধা। আন্তর্জাতিক মানের পরীক্ষাগার, আধুনিক কসাইখানা, প্রক্রিয়াজাতকরণ কারখানা, হিমাগার ও শীতল সরবরাহব্যবস্থারও ঘাটতি রয়েছে। মানসম্মত পশুখাদ্যের প্রাপ্যতা ও উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করাও বিশেষত ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য কঠিন। এর পাশাপাশি আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা মান, হালাল সনদ এবং পণ্যের উৎস শনাক্ত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ করতে না পারলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। প্রথমত, রোগমুক্ত উৎপাদন অঞ্চল গড়ে তুলতে হবে। আধুনিক কোয়ারেন্টাইন ব্যবস্থা, আন্তর্জাতিক মানের পরীক্ষাগার, নিয়মিত টিকাদান এবং খামার পর্যায়ে জীবাণুনিরাপত্তা জোরদার করতে হবে। উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।
দ্বিতীয়ত, উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাতের গবাদিপশু, মানসম্মত পশুখাদ্য, সবুজ ঘাস উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়াতে হবে। তৃতীয়ত, সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করতে হবে। ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, বীমা ও রপ্তানি প্রণোদনার ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের প্রাণিজ পণ্যের পরিচিতি বাড়াতে বাজার গবেষণা, প্রচার এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ বাড়াতে হবে। বিশেষ করে হালাল পণ্যের আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করে পৃথক রপ্তানি কৌশল গ্রহণ করা জরুরি।
চতুর্থত, প্রাণিসম্পদের উপজাতকেও অর্থনৈতিক সম্পদে পরিণত করতে হবে। গরু-মহিষের শিং, হাড়, চামড়া, পশম, পালক ও জিলেটিন থেকে উচ্চমূল্যের পণ্য তৈরির সুযোগ রয়েছে। এসব পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়ালে রপ্তানির নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।
সব মিলিয়ে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এখন সম্ভাবনার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগও তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা, গুণগত মান ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং কার্যকর বাজার ব্যবস্থাপনার সমন্বয় ঘটাতে পারলে প্রাণিসম্পদ খাত দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনতে পারে।
[লেখক: গণযোগাযোগ কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর]

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন