সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

টেলিভিশন

১৮ বছর পর নতুন আবহে ফিরছে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

বাংলা নববর্ষের উৎসব মানেই চারদিকে ঢাক-ঢোলের শব্দ আর কিছু চিরচেনা গান। পহেলা বৈশাখের আমেজ পূর্ণ করতে যে গানগুলো অবধারিতভাবে বেজে ওঠে, তার মধ্যে অন্যতম ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’।দীর্ঘ ১৮ বছর আগে প্রকাশিত এই গানটি তৎকালীন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সোনিয়ার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় দুই দশক পেরিয়ে গেলেও গানটির আবেদন বিন্দুমাত্র কমেনি। বরং প্রতি বছর বৈশাখ এলে নতুন করে প্রাণ পায় এই সুর। এবার সেই জনপ্রিয় গানটিকেই নতুন আঙ্গিকে ও আধুনিক সংগীতায়োজনে শ্রোতাদের সামনে নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।জনপ্রিয় এই গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। আশ্চর্যের বিষয় হলো, ১৮ বছর পর গানটির নতুন সংস্করণেও তিনি সরাসরি যুক্ত রয়েছেন। শুধু সংগীত পরিচালনাই নয়, এবার গানে কণ্ঠও দিয়েছেন তিনি।নতুন এই আয়োজনে তার সঙ্গী হয়েছেন বর্তমান সময়ের চার জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্ণিয়া। কবির বকুলের লেখা এই গানটি নিয়ে শওকত আলী ইমন ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেন, গানটির মূল আবহ অক্ষুণ্ণ রেখেই আধুনিক সাউন্ডে সাজানো হয়েছে নতুন ভার্সন। এই গান শুধু দেশেই নয়, প্রবাসী বাঙালিদের মাঝেও সমান জনপ্রিয়। যেখানেই গেছি, এই গানের জন্য আলাদা ভালোবাসা পেয়েছি।রাজধানীর তিনশ’ ফিট এলাকায় বর্ণিল আয়োজনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। নতুন প্রজন্মের শ্রোতাদের রুচি ও সময়ের দাবি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী ৯ এপ্রিল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে।এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, পহেলা বৈশাখের সঙ্গে গানটির গভীর সম্পর্ক রয়েছে বলেই নতুন করে এটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের আশা, জেন-জি প্রজন্মের কাছেও গানটি নতুনভাবে সাড়া ফেলবে এবং উৎসবে বাড়তি উন্মাদনা যোগ করবে। গানটির নতুন এই সংস্করণ বৈশাখের আনন্দকে আরও রঙিন করে তুলবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

১৮ বছর পর নতুন আবহে ফিরছে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’