সংবাদ
সংবাদ

আর্কাইভ দেখুন

ঠাকুরগাঁওয়ে শিল্পনগরীর স্বপ্ন আটকে গেল বালুতে!

ঠাকুরগাঁওয়ে শিল্পনগরীর স্বপ্ন আটকে গেল বালুতে!

ঠাকুরগাঁওয়ে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরিতে প্রায় ৫০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী-২। প্রকল্পের প্রথম পর্যায়ে জমি ভরাটের জন্য বরাদ্দ ১৭ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৭৭৬ টাকা। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। তবে সরকারি বিপুল অর্থের এ প্রকল্পে বালু সরবরাহের উৎস ও উত্তোলনের বৈধতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।অভিযোগ রয়েছে, প্রকল্পে ব্যবহৃত বালুর একটি অংশ প্রশাসনিক অনুমতি ছাড়াই টাঙ্গন নদীর বিভিন্ন স্থান থেকে উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে নদী ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।অনুসন্ধানে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকায় বিসিক শিল্পনগরীর জমি ভরাটে প্রাথমিকভাবে প্রয়োজন প্রায় এক কোটি ঘনফুট বালু। অথচ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সদর উপজেলার নারগুন এলাকায় ইজারাকৃত একটি বালুমহল থেকে এক বছরের জন্য প্রায় ২৪ লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি রয়েছে।অর্থাৎ প্রকল্পের প্রাথমিক চাহিদার তুলনায় ওই বালুমহলের অনুমোদিত উত্তোলনসীমা প্রায় চার গুণ কম। ফলে বাকি বিপুল পরিমাণ বালু কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, প্রকল্পে ব্যবহৃত বালুর একটি অংশ ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর শ্রীকৃষ্ণপুর, বরুনাগাঁওসহ বিভিন্ন স্থান থেকে উত্তোলন করে আনা হচ্ছে। এসব স্থানে বালু উত্তোলনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি রয়েছে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যথাযথ রাজস্ব আদায় না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার।শিল্পনগরীর বিশাল এলাকাজুড়ে চলছে জমি ভরাটের কাজ। নিচু জমি উঁচু করতে প্রতিদিন ট্রাক ও ডাম্পারে করে আনা হচ্ছে বিপুল পরিমাণ বালু। দিনের পাশাপাশি রাতেও চলছে বালু পরিবহন। কিন্তু এত বিপুল পরিমাণ বালুর প্রকৃত উৎস, উত্তোলনের অনুমোদন এবং রাজস্ব পরিশোধের হিসাব নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।স্থানীয় কৃষক আব্দুল সাত্তার, মো. দিদার আলীসহ একাধিক কৃষক অভিযোগ করে বলেন, টাঙ্গন নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। নদীর স্বাভাবিক অবস্থা নষ্ট হলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বেন নদীতীরবর্তী এলাকার মানুষ।এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তারা। অবৈধ বালু উত্তোলন বন্ধে যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।প্রকল্পে বালু সরবরাহের উৎস নিয়ে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও বালু সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে। এ সময় তাঁদের বক্তব্যে বালু সংগ্রহ ও সরবরাহসংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে এলেও প্রকল্পে ব্যবহৃত সব বালুর বৈধ উৎস ও অনুমোদনের বিষয়টি স্পষ্ট হয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠান বিডিই লিমিটেডের ব্যবস্থাপক মো. লিয়ান বলেন, একদিনে ৪৫ গাড়ি বালু আনা হয়েছে। এর মধ্যে নারগুন এলাকার টাঙ্গন নদী থেকে ৪০ গাড়ি এবং টাঙ্গন নদীর শ্রীকৃষ্ণপুর থেকে পাঁচ গাড়ি বালু আনা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, নারগুন এলাকায় বালুমহল থাকলেও শ্রীকৃষ্ণপুরে কোনো ইজারাকৃত বালুমহল নেই। ফলে সেখান থেকে বালু উত্তোলনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ও বিধিমালায় বালু উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। সরকারি প্রকল্পের প্রয়োজনে বালু বা মাটি উত্তোলনের ক্ষেত্রেও মানতে হয় প্রশাসনিক প্রক্রিয়া।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালার ১২ ধারার ১ উপধারা অনুযায়ী, সরকারি প্রকল্পের প্রয়োজনে বালু বা মাটি উত্তোলন করতে হলে প্রকল্প গ্রহণকারী বা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কিংবা কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারকে জেলা প্রশাসকের কাছে অধিযাচনপত্র জমা দিতে হয়।কিন্তু বিসিক শিল্পনগরী প্রকল্পের জন্য বালু সংগ্রহের উৎস ও উত্তোলনস্থল উল্লেখ করে জেলা প্রশাসনের কাছে এমন কোনো অধিযাচনপত্র জমা পড়েনি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ফলে প্রকল্পে ব্যবহৃত বালু সংগ্রহে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে আরও প্রশ্ন দেখা দিয়েছে।বিসিকের তথ্য অনুযায়ী, শিল্পনগরীর প্রথম পর্যায়ে জমি ভরাটের জন্য বরাদ্দ ১৭ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৭৭৬ টাকা। কাজটি পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিডিই লিমিটেড।প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার হিসেবে সিলভিয়া সারমিনের নাম উল্লেখ রয়েছে। প্রকল্পের নথি অনুযায়ী, জমি ভরাটের কাজের বিপরীতে এ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে পরিশোধ করা হয়েছে ৯ কোটি ৬৩ লাখ ৪৩ হাজার ৯১ টাকা। অর্থাৎ মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রকল্পে ব্যবহৃত বালুর উৎস, উত্তোলনের অনুমতি এবং রাজস্ব পরিশোধের বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এ বিষয়ে প্রকল্প পরিচালকের বক্তব্য জানতে চাইলে মো. হাফিজুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু আনছে কি না, তা দেখার দায়িত্ব প্রশাসনের।অন্যদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের কাছে কোনো অধিযাচনপত্র জমা দেওয়া হয়নি। সরকারি প্রকল্পের নামে বালু উত্তোলনের ক্ষেত্রে আইন লঙ্ঘন কিংবা সরকারি রাজস্ব ক্ষতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।বিসিকে বালু লাগবে কোটি ঘনফুট, বৈধ উৎস ২৪ লাখ!প্রায় ৫০ একর জমিতে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে উঠলে এ অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। তবে শিল্পায়নের এ উদ্যোগের শুরুতেই বালুর উৎস ও উত্তোলনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।সচেতন মহলের দাবি, প্রকল্পে ব্যবহৃত বালুর প্রকৃত উৎস, উত্তোলনস্থল, অনুমোদিত পরিমাণ, পরিবহন এবং সরকারি রাজস্ব পরিশোধের হিসাব খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। উন্নয়নের নামে যেন নদী, কৃষিজমি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। 


‘নক্ষত্রের কখনো মরণ হয় না, আলো ছড়িয়ে যায়’

‘নক্ষত্রের কখনো মরণ হয় না, আলো ছড়িয়ে যায়’

হেমন্তের শান্ত স্নিগ্ধ সকাল। ফজরবাদ ঘোড়াশাল জমিদার বাড়ি (মিয়াবাড়ি) থেকে ছড়িয়ে পড়ছে সুমধুর কোরআনের বাণী। শুকরিয়া আদায় করছে কোরআনের পাখি কণ্ঠের বাণী। কারণ আজ ২৪ নভেম্বরের এই দিনে মিয়াবাড়ির দেশবরেণ্য ব্যক্তিত্ব, নন্দিত সাংবাদিক, সর্বসাধারণের আশ্রয়, বিজ্ঞ রাজনীতিবিদ আহমদুল কবির ২৩ বছর আগে চলে গেছেন পরপারে। তার স্মরণে ফজরবাদ কোরআন খতম দিয়ে শুরু হয় দিনটি।সকাল আটটা ৩০ মিনিটে চার সহস্রাধিক দুস্থ ও গরিবের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। শৃঙ্খলাভাবে খাবার বিতরণ শেষে আগতরা সন্তোষ প্রকাশ করেন। চারদিকে বিরাজ করছে বিরহবিধুর ভাবনা।এরপর সকাল সাড়ে ১০টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন আহমদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদ, পলাশ উপজেলা প্রেসক্লাব, গণতন্ত্রী পার্টি, সংবাদ পরিবার, ঘোড়াশাল মিয়াবাড়ি পরিবারবর্গ, ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন, মেসার্স ইসলাম ট্রান্সপোর্ট অ্যান্ড ইসলাম ট্রেডার্সের পক্ষে লোকমান হোসেন, ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জনগণ ও নেহাব গ্রামবাসী।ফুলে ফুলে ছেয়ে যায় মরহুমের সমাধিস্থল। এরপর কবর জিয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। চারদিকে নামে মানুষের ঢল। বেলা ১১টায় শুরু হয় মরহুম আহমদুল কবিরেরস্মরণসভা ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির। অনুষ্ঠান পরিচালনা করেন ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম।স্মরণসভায় প্রথম বক্তব্য রাখেন আহমদুল কবির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক কার্তিক চ্যাটার্জি। তিনি আবেগআপ্লুত কণ্ঠে বলেন, ‘আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে মানুষটির জন্য, তার নাম সবাই জানি। তিনি পলাশের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জনপ্রিয় মানুষ আহমদুল কবির সাহেব।যার কারণে পলাশ আজ এত শিল্পসমৃদ্ধ হয়েছে। সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছে। যাকে কোনোদিনই পলাশ ও নরসিংদীবাসী ভুলতে পারবে না তার সুকর্মের জন্য। আজ তিনি থাকলে দেশের এই ক্রান্তিকালে কল্যাণকর ভূমিকা রাখতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য- তিনি আর নেই। তবে তাঁর আদর্শ বেঁচে আছে আমাদের মাঝে, পলাশের ঘরে ঘরে।’আহমদুল কবিরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন।কার্তিক চ্যাটার্জি বলেন, ‘তিনি শুধু ঘোড়াশাল-পলাশ শিল্পাঞ্চল গড়ে তোলেননি; তিনি আজীবন অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রচনা করে গেছেন। শুধু শিল্পাঞ্চল নয়, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক-শ্রমিক ও সর্বসাধারণের উন্নতির জন্য সর্বদা তিনি জীবদ্দশায় কাজ করে গেছেন। তার মৃত্যুর পর আমরা তার স্মৃতি জাগ্রত রাখার জন্য গড়ে তুলি আহমদুল কবির স্মৃতি সংসদ। যার সভাপতি মরহুম আহমদুল কবির সাহেবের সুযোগ্য কন্যা ব্যারিস্টার নিহত কবির।আমি সাধারণ সম্পাদক।আহমদুল কবির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জানান, এই সংগঠন থেকে প্রতি বছর পলাশের ঘোড়াশাল পৌরসভা ও বাকি চারটি ইউনিয়নে ৫ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করি। সর্বসাধারণের জন্য গড়ে তোলা হয় একটি মেডিকেল টিম। দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকা পাঠানোর উদ্যোগ নেয় এই স্মৃতি সংসদ। আমরা এই স্মৃতি সংসদের মাধ্যমে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের প্রতি মাসে সাহায্য-সহযোগিতা ও বৃত্তি প্রদান করে থাকি, যা সর্বজনবিদিত। আমি দৃঢ়কণ্ঠে বলি, আমরা কোনোদিন আহমদুল কবির সাহেবকে ভুলব না। তার শিক্ষা, আদর্শ ও নৈতিকতা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে।’পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন বলেন, ‘আজ আমরা নামাজ পড়ে আহমদুল কবির সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব। একই সঙ্গে তার পরিবারের জন্য দোয়া করব। আমি অনুরোধ করব, মরহুম কবির সাহেবের আদর্শকে সামনে রেখে আমরা যেন সবাই চলতে পারি। পাশাপাশি তার স্ত্রী ও পুত্র-কন্যারা সবাই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যা আমরা সবাই জানি। কবির সাহেব শুধু পলাশ বা নরসিংদীর উন্নয়ন করেননি, তিনি সারাদেশেরই কল্যাণে কাজ করে গেছেন, যা সবার অনুকরণীয়। আল্লাহপাক যেন তাকে বেহেশত নসিব করেন।’সংবাদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনএরপর বক্তব্য রাখেন দৈনিক সংবাদের ডিজিটাল বার্তা প্রধান রাশেদ আহমেদ। তিনি বলেন, ‘নক্ষত্রের মৃত্যু হয় না, যেমন মৃত্যু হয়নি আহমদুল কবির সাহেবের। যে মানুষটি জমিদার পরিবারের বৃত্ত থেকে বের হয়ে মিশেছিলেন কৃষকের সঙ্গে, শ্রমিকের সঙ্গে, সর্বসাধারণের সঙ্গে- তিনি কবির সাহেব। তিনি চিন্তায়, মননে, মেধায় সর্বদা ভাবতেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা। যে রাষ্ট্র হবে আধুনিক ও অসাম্প্রদায়িক। তিনি ট্রেড ইউনিয়ন করেছেন, কৃষক সংগঠন করেছেন, মিডিয়ার জন্ম দিয়েছেন। এই বাংলাদেশে সবচেয়ে প্রাচীন যে পত্রিকাটি, তার নাম সংবাদ। আধুনিক প্রযুক্তি নিয়ে এই সংবাদ জন্ম নিয়েছিল ১৯৫১ সালে। যে পত্রিকায় নারীদের উন্নয়নের জন্য আলাদা পাতা রয়েছে, মেধা বিকাশের জন্য সবার দরজা উন্মুক্ত রয়েছে- পত্রিকাটি হলো সংবাদ। আমরা মনে মনে ঈর্ষা করতাম এই মানুষটির জন্য; কারণ তার চলন-বলন, সবকিছুতে ছিল আধুনিকতার ছোঁয়া। আবার যখন কৃষকদের সঙ্গে মিশতেন বা গরিবদের সঙ্গে মিশতেন, একদম সাধারণের মতো হয়ে যেতেন।’তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর যখন দেশ গড়ার দায়িত্ব এসে পড়ল, কবির সাহেব যেহেতু সমাজতান্ত্রিক চিন্তা-চেতনায় বিশ্বাসী ছিলেন, তিনি চেয়েছিলেন দেশের মানুষের সমতা। বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ- সবাই আমরা বাঙালি, এই চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে নরসিংদীর যেমন অগ্রণী ভূমিকা ছিল, তেমনি দেশভাগের পরেও দেশ গড়ার জন্য নরসিংদীর অগ্রণী ভূমিকা ছিল এই কবির সাহেবের মতো মানুষ থাকার কারণে। আজ কেন এই সমাবেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সঙ্গে এখানে সমবেত হয়েছি? কারণ কবির সাহেবের মতো অসাম্প্রদায়িক চেতনার শিক্ষায় শিক্ষিত হয়ে। আমি প্রথমে বলেছি, নক্ষত্রের মৃত্যু হয় না, যেমন হয়নি কবির সাহেবের। তার চেতনায় আবার জেগে উঠবে নরসিংদীবাসী-এই আশা করি আমি।’স্মরণ সভায় বক্তব্য রাখেন সংবাদ ডিজিটাল প্রধান রাশেদ আহমেদসংবাদের ডিজিটাল বার্তা প্রধান আরও বলেন, দেশের সবচেয়ে প্রাচীন পত্রিকা সংবাদকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে ডিজিটাল করা হয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষের কাছে সংবাদ পৌঁছে যাচ্ছে।শুধু সংবাদ নয়, অডিও, ভিডিও এক ক্লিকেই দেখা যাচ্ছে।তারপর বক্তব্য রাখেন পলাশের ডাঙ্গা ইউনিয়নের তিনবারের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন। তিনি বলেন, ‘কবির সাহেবের জন্য ডাঙ্গা ইউনিয়নবাসী ওয়াবদার পানিতে কৃষিকাজ করছে। এ জন্য আমরা ডাঙ্গাবাসী তার কাছে চিরঋণী। আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম বলেন, ‘পলাশ-ঘোড়াশালের মূল রূপকার আহমদুল কবির সাহেব। আজকে এখানে যারা ছাত্রছাত্রী আছ, তোমরা জানো না- পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য, এই এলাকার এত উন্নয়ন হওয়ার জন্য মূল ব্যক্তিটি হলেন আহমদুল কবির সাহেব। কবির সাহেব নিজে পায়ে হেঁটে পলাশের তিনটি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে ঘোড়াশাল পিডিবির পানি থেকে শেষ প্রকল্পের জন্য একটি খাল তৈরির ব্যবস্থা করেছিলেন। যার সুফল এখন আমরা পাচ্ছি। কো-অপারেটিভ জুট মিল দিয়ে তিনি গোলাবাড়ি করেছিলেন পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চলের। তারপর একে একে গড়ে ওঠে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশাল-পলাশ সুগার মিল, কয়েকটি জুট মিল এবং প্রাণ কোম্পানির অগ্রযাত্রা। এর মূল উদ্যোক্তা ছিলেন আহমদুল কবির সাহেব।’কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানপরে অনুষ্ঠানের সভাপতি সংবাদ সম্পাদক আলতামাস কবির দরিদ্র মেধাবী শতাধিক কৃতী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন।সবার সঙ্গে কুশল বিনিময় করে সবার মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন।স্মরণসভা শেষে আগত অতিথিবৃন্দকে মধ্যাহ্নভোজনে আপ্যায়ন করা হয়। একই সঙ্গে সাতটি এতিমখানার শিশুদের উন্নত মানের খাবার দেওয়া হয়। বিকেলে ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৮টি মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।


গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধের আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধের আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় তারা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা ও হৃদ্যতার কথা স্মরণ করেন। জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাজীবন ও গণতন্ত্রের জন্য তার সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্র কোনো একদিনের বিষয় নয়; এটি ধারাবাহিকভাবে চর্চা ও সুরক্ষা করতে হয়। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন। দেশের বিচারব্যবস্থাকে আরও গতিশীল করতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আইনজীবীরাই অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেশাদারত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে; সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।


ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই পরোয়ানা জারি করেন। বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় আদালত এ আদেশ দেন।ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালে মানহানির অভিযোগে মামলাটি করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি।এই আদেশের আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তারও আগে, গত ১৭ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। ওই সময় আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান যে ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ ছিল। এরপর আদালত হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।আইনি প্রক্রিয়ার মধ্যেই ধ্রুব রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। দীর্ঘদিন ধরে চলমান এই আইনি জটিলতায় এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি হওয়ায় বিষয়টি নতুন মোড় নিয়েছে।আদালত উল্লেখ করে, এই মামলায় ধ্রুব রাঠির উদ্দেশ্যে প্রথম সমন পাঠানো হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। মূলত ২০১৮ সালে বিকাশ পাণ্ডের দায়ের করা মানহানির অভিযোগের ভিত্তিতে মামলাটি পরিচালিত হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ধ্রুব রাঠি তার ইউটিউব চ্যানেলে বিকাশ পাণ্ডের বিরুদ্ধে একটি ভিডিও আপলোড করার পরই এই মামলা দায়ের করা হয়। এখন আগামী ৩ ডিসেম্বরের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো।


‘বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না’

‘বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না’

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, যিনি পলাতক-যিনি স্বৈরাচার তিনি বিশ্বাস করেন। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে এবং জনগণের ভালোবাসা নিয়েই সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।মঙ্গলবার দুপুর দেড়টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে আয়োজিতব্য জনসভাস্থল পরিদর্শনে তিনি সেখানে যান।বিগত দিনের সহিংসতার প্রসঙ্গ টেনে ডা. এ জেড এম জাহিদ বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা এমপির বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, তারা লাশের রাজনীতি করে, ইতিহাস বলে। হাসপাতালে আগুন দেয়, ধর্মীয় প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়- এই আগুনের ইতিহাস হচ্ছে ওই যে নিষিদ্ধ ঘোষিত যে দল, তাদের ইতিহাস। তারা ৭২ সাল থেকে এই কাজ করে আসছে বলেও তিনি মন্তব্য করেন।বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। দেশের মানুষ এই ত্যাগ ও বঞ্চনার ইতিহাস ভুলে যায়নি বলে তিনি জানান।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, তারা আবারও সেই পুরনো কায়দায় গায়ের জোরে একদম কর্তৃত্ববাদী এই শাসন ব্যবস্থা শুধু নয়, নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে। জনগণ কিন্তু মুখিয়ে আছে-১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণ যেমন জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এ দেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে ধরে রাখতে হয়, দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ন রাখতে হয়।ভবিষ্যৎ ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে মন্ত্রী বলেন, আগামী দিনে যারা দিবা স্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে কীভাবে রুখে দিতে হয় এদেশের মানুষ জানে।এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এছাড়াও জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


ভারতীয় গণমাধ্যমে বানোয়াট অপপ্রচারের অভিযোগ মেঘনা আলমের

ভারতীয় গণমাধ্যমে বানোয়াট অপপ্রচারের অভিযোগ মেঘনা আলমের

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের প্রথম সারির গণমাধ্যমে একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন মেঘনা আলম। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের সংবাদমাধ্যমে অতিরঞ্জিত ও সম্পূর্ণ বানোয়াট প্রচার চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন অপচেষ্টার বিপরীতে তিনি নিজ উদ্যোগে বাংলাদেশের প্রকৃত ও বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিস্তারিত পোস্টে নিজের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন মেঘনা আলম। সেখানে তিনি ভারতীয় গণমাধ্যমের ভূমিকার কড়া সমালোচনা করে সরাসরি নিজের বক্তব্য তুলে ধরেন।মেঘনা আলম লেখেন, ‘ভারতের প্রথম সারির গণমাধ্যমে, একপাক্ষিক হিন্দুদের ওপর টার্গেটেড এখন আক্রমণ হচ্ছে বানোয়াট অপপ্রচার হচ্ছে। আমার পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করার চেষ্টা করলাম। আমার অবস্থান ধর্ম, দল, মত নির্বিশেষে দেশের জন্য, আমার রাজনীতি রাষ্ট্রীয় স্বার্থের জন্য।’পোস্টে মেঘনা আলমের বক্তব্য থেকে এটি অত্যন্ত স্পষ্ট, যেকোনো সংকীর্ণ ধর্মীয় পরিচয় কিংবা দলীয় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তিনি সবসময় দেশের বৃহত্তর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত চিত্র আড়াল করে বিদেশি গণমাধ্যমে যে নেতিবাচক বয়ান তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে সচেতন অবস্থান নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। তার মতে, নিজ দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় প্রতিটি নাগরিকেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।বাংলাদেশের অভ্যন্তরীণ প্রকৃত অবস্থা সম্পর্কে বহির্বিশ্বের গণমাধ্যমে সঠিক, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর চিত্র তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও মেঘনা আলমের বক্তব্যে জোরালোভাবে উঠে এসেছে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সত্য তথ্য উপস্থাপনই যে সবচেয়ে বড় হাতিয়ার, তা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন মেঘনা আলম।


জার্মানির ছয় শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

জার্মানির ছয় শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

জার্মানির বিভিন্ন অঞ্চলে একযোগে বহু স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে এসব হুমকি পাওয়ার পর ব্যাপক তদন্তে নেমেছে দেশটির পুলিশ।তবে প্রাথমিক তদন্তের পর আইনশৃঙ্খলা বাহিনী এসব হুমকিকে মোটেও বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আতঙ্কিত না হয়ে স্কুলগুলোকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গের ৪০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের ২৫০টিরও বেশি স্কুলে একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। সোমবার সকালে দেশটির আরও কয়েকটি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানও এসব হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রাইবুর্গের পুলিশ এবং উত্তরাঞ্চলের হ্যানোভারের কর্তৃপক্ষও স্কুলগুলোতে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের এরফুর্টের পুলিশ ঘটনার শুরুতেই এক বিবৃতিতে জানায়, সকালে একাধিক স্কুলে হামলার হুমকি পাওয়ার পর তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। জেনা, এরফুর্ট, মুলহাউজেন, জেল্লা-মেলিস, নর্ডহাউজেন, গোথা, রুডলস্টাডট ও গ্রেইজসহ বিভিন্ন শহরের স্কুলে এই হুমকি দেওয়া হয়েছে।পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ভাষায় লেখা হুমকি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অন্যান্য রাজ্যও এসব হুমকির বার্তার লক্ষ্যবস্তু হয়েছে। হুমকিমূলক ইমেইলগুলোর সম্ভাব্য লেখক বা প্রেরক সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অপরাধমূলক কর্মকাণ্ডের হুমকি দিয়ে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ আরও জানায়, বর্তমানে আমরা বোমা হামলার হুমকিগুলোকে গুরুতর বলে ধরে নিচ্ছি না। স্কুলগুলোকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।জার্মানির পাশাপাশি দেশটির উত্তরের প্রতিবেশী ডেনমার্কেও একই ধরনের বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। দেশটির পুলিশও এসব হুমকিকে বিশ্বাসযোগ্য মনে করছে না।তবে তাদের ভাষ্য অনুযায়ী, হুমকিগুলো ভুয়া বা ভিত্তিহীন মনে হলেও এগুলো স্কুলগুলোর স্থানীয় পরিবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে।জার্মানির স্কুলগুলোতে বোমা হামলার এই হুমকির ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন চলতি মাসের শুরুতেই ইতালির একাধিক স্কুলেও সমন্বিতভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।এছাড়া সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা গেছে। একাধিক বাণিজ্যিক বিমান সংস্থাকে বোমা হামলার হুমকি দেওয়ার পাশাপাশি সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা হ্যাক করে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট করার চেষ্টার ঘটনাও ঘটেছে।


ইয়ামালকে মেসি-ম্যারাডোনার সঙ্গে তুলনা করা ভুল

ইয়ামালকে মেসি-ম্যারাডোনার সঙ্গে তুলনা করা ভুল

স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, তরুণ লামিনে ইয়ামালকে লিওনেল মেসি কিংবা দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করা ভুল হবে।তিনি স্পষ্ট করে জানান, বার্সেলোনার এই তরুণ ফুটবলারকে নিয়ে অতিরিক্ত আলোচনা বা তুলনা তার স্বাভাবিক বিকাশের জন্য ঠিক নয়। দে লা ফুয়েন্তের মতে, প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব পথ ও গতি রয়েছে এবং সেই পথেই ইয়ামালকে এগিয়ে যেতে দেওয়া উচিত।সপ্তাহজুড়েই লামিনে ইয়ামালের উন্নতি ও বর্তমান অবস্থা নিয়ে সংবাদমাধ্যম ও ফুটবল মহলে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। তবে এই তরুণকে ঘিরে তৈরি হওয়া বাড়তি আলোচনা কিংবা আগ্রহকে তিনি দলের জন্য নেতিবাচক বলে মনে করেন না। বরং কোচের বিশ্বাস, স্পেন শিবিরে এমন আলোচনা দলীয় পরিবেশে কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে না এবং খেলোয়াড়েরা নিজেদের কাজেই মনোযোগী আছেন।স্পেন জাতীয় দলে ইয়ামালের বর্তমান ভূমিকার সঙ্গে অতীতে আর্জেন্টিনার হয়ে মেসি ও ম্যারাডোনার প্রভাবের তুলনা টানা হলে দে লা ফুয়েন্তে বলেন, ‘ওকে কারও সঙ্গে তুলনা করা ভুল হবে। তার বয়স মাত্র ১৮। সে এখনও বিকাশ ও পরিণতির পথে রয়েছে। আমাদের তাকে তার নিজের পথেই এগোতে দিতে হবে।’কোচের এই বক্তব্যে স্পষ্ট, ১৮ বছর বয়সী এই তরুণের কাঁধে কিংবদন্তিদের সমান প্রত্যাশার ভার চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নন তিনি।বিশেষ প্রতিভা ও চাপ সামলানোর সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘যেসব খেলোয়াড়ের মধ্যে বিশেষ কিছু থাকে, তারা এসব সামলানোর জন্য প্রস্তুতই থাকে। তারা প্রতিভাবান, একেকজন জিনিয়াস, যেমন সালভাদর দালি কিংবা মাইকেল অ্যাঞ্জেলো। যেটা আমাদের কাছে অসাধারণ মনে হয়, তাদের কাছে সেটা স্বাভাবিক।’বিশ্বখ্যাত শিল্পী সালভাদর দালি ও মাইকেল অ্যাঞ্জেলোর উদাহরণ টেনে তিনি বোঝাতে চেয়েছেন, প্রকৃত প্রতিভাবানদের কাছে অসাধারণ কাজও স্বাভাবিক নিয়মের মতোই ধরা দেয়।সব মিলিয়ে লামিনে ইয়ামালকে ঘিরে উচ্ছ্বাস থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়ো বা অযথা তুলনার বিপক্ষে অবস্থান নিয়েছেন স্পেন কোচ। বয়সের মাত্র ১৮ বছরে পা রাখা এই প্রতিভাবান ফুটবলার ধাপে ধাপে নিজের সামর্থ্য ও পরিণতি গড়ে তুলুক; এমনটাই প্রত্যাশা লুইস দে লা ফুয়েন্তের। ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের কাছেও তার বার্তা পরিষ্কার, কিংবদন্তিদের ছায়ায় না ফেলে ইয়ামালকে তার নিজস্ব পরিচিতিতেই বেড়ে ওঠার সুযোগ দেওয়া জরুরি।


নিরাপত্তায় উবারের নতুন উদ্যোগ, রেকর্ডেড রাইডস

নিরাপত্তায় উবারের নতুন উদ্যোগ, রেকর্ডেড রাইডস

রাইড শেয়ারিংয়ে যাত্রী ও চালকের নিরাপত্তা বাড়াতে ‘রেকর্ডেড রাইডস’ নামে নতুন সুবিধা চালু করছে উবার। এর মাধ্যমে যাত্রীরা এমন চালক নির্বাচন করতে পারবেন, যাদের অ্যাপে যাত্রাপথ রেকর্ড করার ব্যবস্থা সক্রিয় রয়েছে। যাত্রার মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে রেকর্ড করা ভিডিও বা অডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের চারটি শহরে এ সুবিধা চালু হচ্ছে। শহরগুলো হলো - বাল্টিমোর, র‍্যালি, ইন্ডিয়ানাপোলিস ও সেন্ট লুইস।চালকের ফোনেই ধারণ হবে ভিডিওউবারের নতুন ব্যবস্থায় চালকের ফোনের সামনের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে যাত্রার ভিডিও ধারণ করা হবে। এ জন্য চালককে অ্যাপের ‘রেকর্ড মাই রাইড’ ফিচার চালু রাখতে হবে।উবারের বৈশ্বিক নিরাপত্তা বিভাগের প্রধান অ্যানি ডুভনিয়াক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যাত্রা রেকর্ড হচ্ছে - এ তথ্য চালক ও যাত্রী উভয়ের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করতে পারে। একই সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতেও এটি সহায়ক হতে পারে।রাতের যাত্রায় স্বয়ংক্রিয় রেকর্ডিংয়ের পরীক্ষাচালকদের নিরাপত্তা সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে উবারের। গভীর রাতে যাত্রা এবং কিশোর যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং চালু রাখার বিষয়টি পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।জরুরি পরিস্থিতিতেও রেকর্ডিং চালুর ব্যবস্থা নিয়ে কাজ চলছে। অ্যাপের ‘রাইডচেক’ ফিচার গাড়ি দুর্ঘটনার আশঙ্কা শনাক্ত করলে অথবা গাড়ি নির্ধারিত পথ থেকে উল্লেখযোগ্যভাবে সরে গেলে রেকর্ডিং চালু হতে পারে। রাতের যাত্রায় স্বয়ংক্রিয় অডিও রেকর্ডিংয়ের বিষয়টিও পরীক্ষাধীন।রেকর্ড থাকবে ব্যবহারকারীর ডিভাইসেচালক ও যাত্রী উভয়েই অ্যাপের সেটিংস থেকে রেকর্ডিং চালু বা বন্ধ করতে পারবেন। উবার জানিয়েছে, ধারণ করা রেকর্ড এনক্রিপ্ট করে সংশ্লিষ্ট ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষণ করা হবে।নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ বা বিমা দাবির প্রমাণ হিসেবে আপলোড না করা হলে নির্দিষ্ট সময় পর রেকর্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। উবারের পক্ষ থেকে কেবল আপলোড করা রেকর্ডিং পর্যালোচনা করা সম্ভব হবে।কিশোর যাত্রীদের জন্য আগেও ভিডিও সুবিধাচলতি বছর চালকের ফোনের সামনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি ভিডিও দেখার সুবিধা চালু করেছিল উবার। এর মাধ্যমে কিশোর যাত্রীদের অভিভাবকেরা সন্তানের যাত্রাপথ পর্যবেক্ষণ করতে পারেন।পরে ‘উবার কিডস’ কর্মসূচির আওতায় ১০ থেকে ১২ বছর বয়সী যাত্রীদের জন্যও এ ধরনের ভিডিও দেখার সুবিধা সম্প্রসারণ করা হয়।


স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় পরিবর্তন

স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় পরিবর্তন

ওয়ান ইউআইয়ের বেটা সংস্করণ উন্মুক্ত করার ক্ষেত্রে প্রচলিত ধারা থেকে সরে এসেছে স্যামসাং। এবার প্রথমবারের মতো একসঙ্গে ছয়টি দেশে পরীক্ষামূলক সফটওয়্যারটি ব্যবহারের সুযোগ দিয়েছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নতুন সংস্করণে ক্যামেরা, নিরাপত্তা, গোপনীয়তা, অ্যাকসেসিবিলিটি ও স্যামসাং হেলথে যুক্ত হয়েছে একাধিক সুবিধা।স্যামসাংয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ডে গ্যালাক্সি এস২৬ সিরিজের ব্যবহারকারীরা ওয়ান ইউআই ৯.৫ বেটা সংস্করণ ব্যবহার করতে পারবেন।বেটা প্রোগ্রামে যোগ দেওয়ার পদ্ধতিগ্যালাক্সি ফোনে স্যামসাং মেম্বার্স অ্যাপ ইনস্টল থাকলে বেটা প্রোগ্রামে নিবন্ধন করা সহজ। তবে এটি পরীক্ষামূলক সফটওয়্যার হওয়ায় ব্যবহারের আগে ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।বেটা সংস্করণে আনুষ্ঠানিকভাবে আসার আগেই নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাওয়া যায়। তবে পরীক্ষামূলক সফটওয়্যারে কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও থাকে।ক্যামেরায় নতুন নিয়ন্ত্রণ ও প্রিসেটঅ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওয়ান ইউআই ৯.৫-এ ক্যামেরার জন্য যুক্ত হয়েছে এনহ্যান্সড প্রো ও প্রো ভিডিও মোড। নতুন এই মোডগুলোতে উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা ও প্রিসেট রাখা হয়েছে, যা ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতায় পরিবর্তন আনবে।স্যামসাং হেলথে অনুভূতি লেখার সুবিধাস্বাস্থ্যসংক্রান্ত অ্যাপ স্যামসাং হেলথে যুক্ত হয়েছে ‘মাইন্ডফুল নোট’ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অনুভূতি লিখে সংরক্ষণ করতে পারবেন।এ ছাড়া গ্যালাক্সি ফোনে বায়োমেট্রিক যাচাইকরণ অথবা স্ক্রিন লক ব্যবহার করে পৃথক অ্যাপ লক করার সুবিধা এসেছে। অ্যাকসেসিবিলিটি টুল ব্যবহারের জন্য থাকছে ভাসমান শর্টকাটও।প্রাইভেসি ডিসপ্লের সমস্যাও সমাধানগ্যালাক্সি এস২৬ আলট্রা ব্যবহারকারীদের জন্য নতুন আপডেটে বিশেষ সুবিধা রয়েছে। ওয়ান ইউআই ৯.৫ বেটায় প্রাইভেসি ডিসপ্লের একটি বড় সমস্যার সমাধান করা হয়েছে বলে জানানো হয়েছে।যারা পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে আগ্রহী নন, তাদের আনুষ্ঠানিক আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। ওয়ান ইউআই ৯.৫-এর স্থিতিশীল সংস্করণ ২০২৭ সালের শুরুর দিকে উন্মুক্ত হওয়ার কথা।


তার ছিঁড়ে বিকল রমেকের লিফট, ভোগান্তিতে রোগীরা

তার ছিঁড়ে বিকল রমেকের লিফট, ভোগান্তিতে রোগীরা

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের তার ছিঁড়ে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। ভাগ্যক্রমে ওই সময় লিফটে কেউ ছিলেন না। বর্তমানে একটি লিফট দিয়ে কোনোরকমে রোগী পরিবহন করা হচ্ছে।হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, হাসপাতালের একটি লিফটের বয়স ৩০ বছরেরও বেশি এবং সেটি মালামাল ও রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হয়। মাসের বেশির ভাগ সময় এটি অচল থাকে।এদিকে লিফটের দায়িত্বে থাকা কর্মচারী বেলাল জানান, হাসপাতালের তিনটি লিফটের একটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। সচল দুটির একটি অচল হয়ে গেছে। ফলে মুমূর্ষু রোগীদের হাসপাতালের পাঁচতলা পর্যন্ত নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বয়স্ক নারী-পুরুষদের অবস্থা আরও করুণ।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিকট শব্দ করে লিফটের তার ছিঁড়ে পড়ে। এ সময় হাসপাতালের নিচে অপেক্ষমাণ রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায়, হাসপাতালের পাঁচতলা থেকে নিচে নামার সময় তৃতীয় তলায় লিফটের তার ছিঁড়ে যায়। এ সময় লিফটের দরজাসহ লিফটের ব্যাপক ক্ষতি হয়।এ ব্যাপারে রোগীর স্বজন আকলিমা বেগম জানান, তিনি পাঁচতলা থেকে লিফটে করে নিচে নামার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় বিকট শব্দ শোনেন। পরে জানতে পারেন লিফটের তার ছিঁড়ে গেছে। একই কথা জানান রহমান মিয়া নামে এক রোগী। তিনি নিচতলা থেকে চারতলায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন।এ ঘটনার পর হাসপাতালের লিফট ইনচার্জসহ কর্মচারীরা মেরামত করার চেষ্টা করছেন। তবে তারা লিফটটি সচল হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আর সচল হলেও কতক্ষণ চলবে, তা নিয়েও শঙ্কা তাদের। ফলে একটি লিফট দিয়ে শত শত মুমূর্ষু রোগী ও বয়স্ক নারী-পুরুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ইনচার্জ মোজাম্মেল হক বলেন, লিফট সচল করার চেষ্টা করা হচ্ছে।


আবারও এনভিডিয়ার নেতৃত্বে জেনসেন হুয়াং

আবারও এনভিডিয়ার নেতৃত্বে জেনসেন হুয়াং

প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর পর আবারও এনভিডিয়ার নেতৃত্বে ফিরেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে প্রেসিডেন্ট, সিইও ও বোর্ড সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে। ২৩ নভেম্বর আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।এনভিডিয়ার বোর্ড জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে কয়েক দফা বৈঠক ও আলোচনার পর তার প্রত্যাবর্তনের বিষয়ে সম্মতি দেওয়া হয়। সিদ্ধান্ত গ্রহণের আগে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামতও নেওয়া হয়েছিল। বোর্ডের ভাষ্য, হুয়াংয়ের পুনর্বহালে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।নেতৃত্বে হুয়াংকেই চায় পরিচালনা পর্ষদএনভিডিয়ার বোর্ড চেয়ারম্যান হার্ভে সি জোনস মনে করেন, প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেন হুয়াং উপযুক্ত ব্যক্তি। তার প্রত্যাবর্তনের ফলে শেয়ারহোল্ডার, কর্মী, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকেরা উপকৃত হবেন বলেও মন্তব্য করেছেন তিনি।চেয়ারম্যান হিসেবে নিজের দায়িত্বে থাকছেন হার্ভে সি জোনস। অন্যদিকে, হুয়াংয়ের নেতৃত্বে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনভিডিয়ার আনুষ্ঠানিক বিবৃতি।পদত্যাগের পর তৈরি হয়েছিল অনিশ্চয়তাগত ১১ নভেম্বর এনভিডিয়া জানিয়েছিল, প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেনসেন হুয়াং। তখন প্রতিষ্ঠানের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব দেওয়া হয়।হুয়াংয়ের পদত্যাগের পর তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশিত প্রতিবেদন এবং বিদেশি গোয়েন্দা তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আলোচনায় আসে। অ্যালিস হুয়াং নামে এক নারীর সঙ্গে তার সম্পর্কের অভিযোগ এবং ওই নারীর বিরুদ্ধে চীনের হয়ে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত থাকার সন্দেহও প্রকাশ্যে এসেছিল। তবে এসব অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি।তদন্ত চলবে, সহযোগিতা করবেন হুয়াংবিষয়টি পর্যালোচনার জন্য এনভিডিয়ার পরিচালনা পর্ষদ আগেই স্বাধীন পরিচালকদের নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল। তদন্তে সহায়তার জন্য নিয়োগ করা হয় স্বাধীন আইনজীবীও।হুয়াংকে আবার দায়িত্ব দেওয়া হলেও তদন্ত কার্যক্রম বন্ধ হচ্ছে না। এনভিডিয়ার বিবৃতি অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রক্রিয়া চলবে। এতে সহযোগিতা করবেন হুয়াংও।অন্তর্বর্তী সিইওর দায়িত্ব ছাড়ছেন কোলেট ক্রেসহুয়াংয়ের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পালন করছিলেন কোলেট ক্রেস। নতুন সিদ্ধান্তের পর তিনি ওই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তবে এনভিডিয়ার সিএফও হিসেবে তার কাজ অব্যাহত থাকবে। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের নেতৃত্ব দিচ্ছেন ক্রেস।শেয়ারবাজারেও দেখা গেল প্রতিক্রিয়াহুয়াংয়ের প্রত্যাবর্তনের খবর প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দামে বড় ধরনের উত্থান ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, সোমবারের লেনদেনে শেয়ারটির দাম ৩১ শতাংশের বেশি বেড়েছিল।নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক অনিশ্চয়তার পর এই পরিবর্তন বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা সেন্টার ও গ্রাফিকস প্রসেসিং প্রযুক্তির বাজারে এনভিডিয়ার অবস্থান গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। পদত্যাগের পর দ্রুত নেতৃত্বে ফিরে আসার ঘটনা তাই প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


পাঁচ বছরের অভিজ্ঞতায় আরএফএলে চাকরি

পাঁচ বছরের অভিজ্ঞতায় আরএফএলে চাকরি

প্রোডাকশন, অপারেশন ও ব্যাটারি বিজনেস বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির এ নিয়োগে মোট ১০ জনকে নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ২২ ডিসেম্বর।পদটিতে আবেদন করতে হলে প্রার্থীর বিএসসি অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।পদ ও যোগ্যতার বিবরণ·         প্রতিষ্ঠান: আরএফএল গ্রুপ·         পদ: ম্যানেজার·         বিভাগ: প্রোডাকশন, অপারেশন ও ব্যাটারি বিজনেস·         পদসংখ্যা: ১০ জন·         শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা স্নাতক·         অভিজ্ঞতা: ৫ বছর·         বয়স: ২৬ থেকে ৪০ বছর·         প্রার্থীর ধরন: নারী ও পুরুষ·         চাকরির ধরন: ফুলটাইম·         বেতন: আলোচনা সাপেক্ষে·         অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষেকর্মস্থল ও আবেদননিয়োগপ্রাপ্তদের হবিগঞ্জ ও হবিগঞ্জ সদর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।·         আবেদন শুরু: ২৩ নভেম্বর·         আবেদনের শেষ তারিখ: ২২ ডিসেম্বর·         আবেদনের মাধ্যম: অনলাইনআবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি: আরএফএল গ্রুপে আবেদন করুন


পলমল গ্রুপে ডিজিএম পদে নিয়োগ

পলমল গ্রুপে ডিজিএম পদে নিয়োগ

পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অ্যাডমিন অ্যান্ড এইচআর বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ নভেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নিয়োগের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থীর বয়স হতে হবে ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। নির্বাচিত ব্যক্তির বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।নিয়োগের বিস্তারিত তথ্য·         প্রতিষ্ঠানের নাম: পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ·         বিভাগ: অ্যাডমিন অ্যান্ড এইচআর·         পদের নাম: ডিজিএম·         পদসংখ্যা: ১ জন·         চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম·         প্রার্থীর ধরন: পুরুষ·         শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা সমমান·         অভিজ্ঞতা: ১৫-২০ বছর·         বয়সসীমা: ৩৫-৫০ বছর·         বেতন: আলোচনা সাপেক্ষে·         কর্মস্থল: ঢাকা, আশুলিয়া·         অন্যান্য শর্ত: আশুলিয়ায় কাজ করার মানসিকতা থাকতে হবেআবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন।পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন 


ইজি ফ্যাশনে সেলসম্যান পদে ৩০০ জন নিয়োগ

ইজি ফ্যাশনে সেলসম্যান পদে ৩০০ জন নিয়োগ

পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেডে বড় পরিসরে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ঈদ প্যাকেজ বিভাগে ‘সেলসম্যান’ পদে ৩০০ জনকে নেওয়া হবে। এ নিয়োগে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৩ নভেম্বর থেকে, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।পদটিতে আবেদনের জন্য প্রার্থীর এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।নিয়োগের তথ্য এক নজরে·         প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড·         বিভাগ: ঈদ প্যাকেজ·         পদের নাম: সেলসম্যান·         পদসংখ্যা: ৩০০ জন·         চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম·         প্রার্থীর ধরন: পুরুষ·         শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান·         অভিজ্ঞতা: ১ বছর; তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন·         বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর·         বেতন: ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা·         কর্মস্থল: যেকোনো জেলা·         অন্যান্য শর্ত: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবেআবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন।ইজি ফ্যাশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন 


বিএসসি বা ডিপ্লোমা পাসে হোন্ডায় চাকরি

বিএসসি বা ডিপ্লোমা পাসে হোন্ডায় চাকরি

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির এসএম অ্যান্ড লজিস্টিকস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৩ নভেম্বর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নিয়োগের জন্য প্রার্থীর বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।নিয়োগের বিস্তারিত·         প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড·         বিভাগ: এসএম অ্যান্ড লজিস্টিকস·         পদ: অ্যাসিস্ট্যান্ট·         পদসংখ্যা: ১ জন·         চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম·         প্রার্থী: পুরুষ·         শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা ডিপ্লোমা·         অভিজ্ঞতা: ১-৩ বছর·         বয়স: ২৪-২৬ বছর·         বেতন: ৩৩ হাজার থেকে ৪৫ হাজার টাকা·         কর্মস্থল: মুন্সীগঞ্জ·         অন্যান্য শর্ত: মুন্সীগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবেআবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করা যাবে।বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন