সংবাদ

পানির সেবা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি

চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নত পানি সরবরাহ নিশ্চিত করতে নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসা। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলের এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে নেদারল্যান্ডস। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলে তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।চট্টগ্রাম ওয়াসার সঙ্গে এই প্রকল্পে যৌথভাবে কাজ করবে ‘ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ’ এবং ‘ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেড’।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন।এই সমঝোতা স্মারকের আওতায় প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য একটি উদ্ভাবনী পিপিপি মডেল অনুসন্ধান ও পরীক্ষামূলকভাবে চালু করবে। প্রাথমিক পর্যায়ে নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের পানির চাহিদা নিরূপণ করা হবে। এরপর একটি পাইলট প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহের নতুন এই মডেলটি পরীক্ষা করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আরও কার্যকর ও মানসম্মত পানি সরবরাহ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আগে সরকার একাই সব কাজ করত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সব ক্ষেত্রে সরকারের একার পক্ষে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই বিভিন্ন খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মডেল প্রয়োগ করা হচ্ছে। এই চুক্তির ফলে নগরবাসী সুফল পাবেন বলে আমি বিশ্বাস করি।'

পানির সেবা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি