সংবাদ

কাপাসিয়ায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হামলায় নিলয় সরকার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলয় ওই গ্রামের ওষুধ ব্যবসায়ী মনির হোসেনের একমাত্র ছেলে।এ ঘটনার পর অভিযুক্ত ঘাতক রাসেল সরকার (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। রাসেল একই এলাকার ইসমাইল হোসেন সরকারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে নিলয় সরকারের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই রাসেলের দীর্ঘদিনের বিরোধ ছিল। গতকাল সকালে বিরোধপূর্ণ ওই জমি থেকে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। দুপুরে নিলয় তার বাবার ওষুধের দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা রাসেল দা দিয়ে নিলয়ের ওপর হামলা চালান।হামলায় নিলয় মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেলসহ সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পড়ে যান। শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সংবাদকে বলেন, ‘জমি থেকে ঘাস কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত রাসেল সরকারকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে নিলয়ের পরিবারে এখন শোকের মাতম চলছে।

কাপাসিয়ায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন