কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। গতকাল বাদ মাগরিব ভৈরব পৌর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মমিনুল হক।ফখরুল আলম আক্কাছ ১৯৪৫ সালের ১ জানুয়ারি ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের কাদির ব্যপারি বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত নোয়াজ মিয়া ও মা মৃত হালেমা খাতুন। তিনি তিন ভাই ও ছয় বোন রেখে গেছেন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ফখরুল আলম আক্কাছ তিনবার ভৈরব পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদে ভৈরবে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। এ ছাড়া তিনি ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা ২০ বছর ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও প্রিসিডিয়াম সদস্য হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধেও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল।এক সময়ের দাপুটে ও জনপ্রিয় এই নেতার মৃত্যুতে ভৈরবের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।