সংবাদ

ভারত থেকে ফিরলেন শিশুসহ ৯ বাংলাদেশি

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ৯ বাংলাদেশি নারী ও পুরুষ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।ফেরত আসাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছে। তারা নড়াইল, বরিশাল, রাজবাড়ী ও খুলনা জেলার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় প্রায় তিন বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন তারা। সে দেশের বিভিন্ন এলাকায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। কারাজীবন শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের উদ্ধার করে নিজেদের আশ্রয়কেন্দ্রে (শেল্টার হোম) রাখে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফেরার সুযোগ পেলেন।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘আটকেরা অবৈধভাবে ভারত গিয়ে সে দেশের পুলিশের হাতে ধরা পড়েছিলেন। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিপত্র আদান-প্রদান শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের আপাতত তাদের সংস্থার নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখা হবে। এরপর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত রোধে এবং পাচার হওয়া ব্যক্তিদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নিয়মিত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

ভারত থেকে ফিরলেন শিশুসহ ৯ বাংলাদেশি