সংবাদ
সংবাদ

‘বেকারত্বের কারখানা বানাবেন না’: বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষামন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

‘বেকারত্বের কারখানা বানাবেন না’: বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষামন্ত্রী
ছবি : সংবাদ

চাকরির বাজারে চাহিদা নেই, এমন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, কেবল শিক্ষক বা শিক্ষার্থী রাজনীতির উদ্দেশ্যে নতুন বিভাগ খোলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কর্মসংস্থানের সুযোগ বিবেচনা না করে বিভাগ খোলা হলে বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার পরিবর্তে ‘বেকারত্ব তৈরির প্রতিষ্ঠানে’ পরিণত হবে।

র‌বিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এই সেমিনারের যৌথ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স।

বিশ্ববিদ্যালয়গুলোতে যত্রতত্র বিভাগ খোলার সমালোচনা করে এহছানুল হক মিলন বলেন, ‘আমি শুধু এটুকু বলব, বেকারত্বের কারখানা বানাবেন না। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যা কেবল শিক্ষক বা স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই, তা খোলার কোনো মানে হয় না।’

শিক্ষামন্ত্রী মনে করেন, নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা উচিত। কেবল বিভাগ বাড়ানোর প্রতিযোগিতায় নামলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এ বিষয়ে সতর্ক থাকতে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিও আহ্বান জানান।

তিনি বলেন, যেসব বিভাগের বাস্তব কোনো প্রয়োগ বা চাহিদা নেই, সেগুলোকে অনুমোদনের তালিকায় রাখা উচিত নয়।

সেমিনারে মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু নতুন নতুন বিভাগ খোলার দিকে মনোযোগী না হয়ে বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে।

দেশের কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, সেই হিসাব মাথায় রেখেই উচ্চশিক্ষার পরিকল্পনা সাজানোর পরামর্শ দেন তিনি।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকটের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বড় ধরনের শিক্ষকসংকট রয়েছে। অথচ প্রয়োজনীয় জনবল কাঠামো সম্প্রসারণ ও নিয়োগ প্রক্রিয়া সেভাবে এগোচ্ছে না।

এই সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ এবং শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের উচ্চশিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

‘বেকারত্বের কারখানা বানাবেন না’: বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত