গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে নিজের ব্লগের জন্য ভিডিও ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় শাওন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাওন বগুড়ার মোকামতলা এলাকার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন মোটরসাইকেল চালানোর সময় এক হাত দিয়ে মুঠোফোনে ভিডিও করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।গোবিন্দগঞ্জ থানা-পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। শাওনের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।