সংবাদ
সংবাদ

হতে চান জনপ্রতিনিধি, ঝালমুড়ি ভ্যানেই ভোটের প্রচারণা

নির্বাচন মানেই যেন টাকার খেলা আর জাঁকজমকপূর্ণ প্রচারণা। তবে কুড়িগ্রামের রাজারহাটে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র।দীর্ঘ ৩৫ বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করা দরিদ্র আফজাল হোসেন ইউপি সদস্য পদে লড়তে চান।অর্থের অভাবে প্রচারণার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন নিজের ঝালমুড়ি বিক্রির ভ্যান গাড়িটিকেই। ভ্যানের গায়ে পোস্টার লাগিয়ে একদিকে চলছে বেচাকেনা, অন্যদিকে চলছে ভোট প্রার্থনা।সরজমিনে গিয়ে দেখা যায়,হাতে ঝালমুড়ির ঠোঙা, আর ভ্যানের গায়ে ঝুলছে নির্বাচনী পোস্টার। কুড়িগ্রামের রাজারহাট  উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের প্রতিদিনের চিত্র এখন এমনই।মাথা গোঁজার সাড়ে ৩শতক জমির উপর টিনের চালায় কাটছে তাদের দিন। অভাবের সংসারে স্ত্রী অন্যের বাড়িতে কাজ করেন, আর আফজাল প্রায় ৩৫ বছর ধরে স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। দীর্ঘ এই সময়ে তার হাতের ঝালমুড়ি খেয়ে এই স্কুলের অসংখ্য শিক্ষার্থী আজ বড় বড় পদে চাকরি করছেন।এবার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে লড়তে চান তিনি। অর্থ না থাকায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাই নিজেদের খরচে পোস্টার ছাপিয়ে লাগিয়ে দিয়েছেন তার ভ্যানে।রাজারহাট শিশু নিকেতন স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রাহা, আবৃত্তি, লামহা ও তানহা জানায়, আংকেল অনেক ভালো মানুষ। আমাদের কাছে অনেক সময় টাকা না থাকলে তিনি বাকিতে খাওয়ান, আবার অনেককে ফ্রিতেও খাওয়াতে দেখেছি। উনি ভোটে দাঁড়ালে গরিব মানুষের অনেক উপকার হবে।এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হামিন আহমেদ জানান, ২০০৮ সাল থেকে ওনার ঝালমুড়ি খেয়ে আমরা বড় হয়েছি। উনি আজ নির্বাচন করতে চান। আমরাও এখন ভোটার হয়েছি, আমরা অবশ্যই তার পাশে থাকব।আফজালের চাচা আব্দুল মজিদ ও চাচী আবেদা বেগম জানান, আফজাল গরীব ঘরের ছেলে কিন্তু মনটা ভালো। জনগন তাকে ভোটে দাঁড়াতে উৎসাহ দিচ্ছে। আফজালের টাকা নেই, কিন্তু এলাকার মানুষ তাকে খুব ভালোবাসে। সবাই বলেছে নির্বাচনে যা খরচ লাগবে, তারা সেটা যোগার করে দিবে।বাবা ভোটে দাঁড়াতে চান এ নিয়ে খুশি আফজালের ছোট মেয়ে রিপানা আক্তার। সে জানায়, জনগণের আশায় আমার বাবা ভোটে দাঁড়াচ্ছে। তার মন অনেক ভালো, গরীব মানুষকে তিনি সহযোগিতা করেন। এলাকার মানুষ তাকে সহযোগিতা করবেন।আফজালের স্ত্রী রাজিয়া বেগম জানান, উনি যখন আমাকে ভোটের কথা বলেন, তখন আমি বলি তোমার তো কোন টাকা নাই। কীভাবে ভোট করবা। সে বলেছে, মানুষ তাকে টাকা দিবে। ইতোমধ্যে এলাকার জনগন দুইটা পোস্টার তৈরি করে দিয়েছে। তার একটা ভ্যানের মধ্যে লাগানো হয়েছে। অনেকে খোঁজখবর নিচ্ছে। আমাদের টাকা নাই কিন্তু ভোটাররাই আমাদের শেষ ভরসা।ছাত্র-ছাত্রীরাও আশাবাদি, শেখ আফজাল জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করবেন।বুকভরা আশা নিয়ে প্রতিদিন ভ্যান নিয়েবের হন আফজাল। নিজের কোনো স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করেই নির্বাচনী বৈতরণী পার হতে চান তিনি। তিনি জানান, অনেকে আমার এখানে ঝালমুড়ি খেয়েছে, তারা আজ ভোটার হয়েছে। এছাড়াও আমার প্রতিবেশী, পরিচিতজন তারাই আজ চাইছেন আমি ভোটে দাঁড়াই। আমি নিজের জন্য নয়, গরিব মানুষের উপকারের জন্য ভোটে দাঁড়াতে চাই।অর্থবিত্ত না থাকলেও মানুষের ভালোবাসাআর সততাকে পুঁজি করে নির্বাচনী মাঠে নেমেছেন আফজাল। ব্যতিক্রমী এই প্রচারণা এরই মধ্যে এলাকায় বেশ সাড়া ফেলেছে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে সাধারণ মানুষের এইভালোবাসা কতটা প্রতিফলিত হয়।

হতে চান জনপ্রতিনিধি, ঝালমুড়ি ভ্যানেই ভোটের প্রচারণা