গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রিজের ওপর প্রভাবশালী এক ব্যক্তির বাড়ি নির্মাণের কারণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফারাজীপাড়া এলাকায় প্রায় ৫ হাজার একর জমির আমন চাষাবাদ হুমকির মুখে পড়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম হতাশায় ভুগছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালে ওই এলাকার প্রভাবশালী ভুটু মিয়া ব্রিজের ওপর ও সড়কের একাংশ দখল করে ঘর নির্মাণ করেন। এরপর থেকেই বৃষ্টি বা নদীর পানি বাড়লে তা আর নামতে পারছে না। ফলে রাস্তার দুই পাশের শত শত হেক্টর ফসলি জমি এখন পানির নিচে।
ভুক্তভোগী কৃষক আব্দুল হামিদ বলেন, ‘আগে এই ব্রিজ দিয়ে অনায়াসে পানি নেমে যেত। এখন ঘর তোলার কারণে পানি আটকে আমাদের জমি ডুবে আছে। এবার এখনো আমন ধান লাগাতে পারিনি।’
আরেক কৃষক ফরিদুল ইসলাম বলেন, ‘প্রায় ৫ হাজার একর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। বারবার অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।’
খবর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ব্রিজের ওপর অবৈধ স্থাপনা থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইন অনুযায়ী দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।’
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, ‘কৃষকদের স্বার্থে পানি নিষ্কাশন জরুরি। আমি উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। কোনো ব্যক্তির প্রভাবে যেন হাজারো কৃষকের ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।’
অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন