জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রিয় দল ব্রাজিলের হার সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্বকাপের শেষ ষোলোর খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ ওই দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক রাতুল এবং ব্রাজিল ফ্যান ক্লাবের সহসভাপতি ও শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী মাশরুফা শারমীন এ্যানি।
শিক্ষার্থীরা জানান, ব্রাজিলের ম্যাচটি শেষ হওয়ার কিছুক্ষণ পর মাশরুফা শারমীন এ্যানি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রিয় দলের বিদায়ে মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি তার রক্তচাপ কমে যায় এবং তিনি কয়েকবার বমি করেন। পরে সহপাঠীরা তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।
একই সময়ে অসুস্থ হয়ে পড়া অন্য শিক্ষার্থী রাতুলকেও একই হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনিও এখন সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এ্যানির সহপাঠী মাসুম মিয়া বলেন, ‘খেলা শেষ হওয়ার পর থেকেই এ্যানি খুব মুষড়ে পড়েছিল। হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ায় আমরা দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসা শেষে এখন তারা আগের চেয়ে অনেক ভালো আছেন।’
এ বিষয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, ওই দুই শিক্ষার্থী পেটব্যথা ও বমি নিয়ে হাসপাতালে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁরা এখন বিপদমুক্ত।
আপনার মতামত লিখুন