একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের পথ প্রশস্ত করতে ছাত্রজনতা রক্ত দেয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতা রক্ত দিয়েছে প্রকৃত পরিবর্তনের জন্য। যদি দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট চলতেই থাকে, তবে এই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না।’
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার তালতলা চত্বরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগের দিন সাভারে তাদের কর্মসূচিতে হামলার ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল সাভারে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভেবেছিল আমাদের থামিয়ে দেওয়া যাবে। কিন্তু জনগণ সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।’
সাবেক শাসকদল আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অতীতে একদলীয় শাসনের কারণে বিরোধী মত দমন করা হতো। বর্তমানে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। যদি কেউ আবার একদলীয় শাসন কায়েমের স্বপ্ন দেখে, তবে তাদের আওয়ামী লীগের পরিণতির কথা মনে রাখা উচিত।’
৫ আগস্ট পরবর্তী ‘মামলা বাণিজ্য’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘মানুষ ন্যায়বিচার প্রত্যাশা করেছিল, কিন্তু সারা দেশে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগের অপরাধীদের বিচার হোক, কিন্তু নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বাণিজ্য চলতে পারে না।’
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশ জনগণের সেবক হবে, মানুষ যেন থানায় গিয়ে সেবা পায় এবং সরকারি অফিসে ঘুষ দিতে না হয়-এজন্যই রাষ্ট্র সংস্কার জরুরি। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে দুর্নীতি, বৈষম্য ও সন্ত্রাস বন্ধ হবে না।’
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার সংস্কার বাস্তবায়নে গড়িমসি করছে এবং বিরোধী মত প্রকাশের পথ সংকুচিত করছে। তবে রোদ-বৃষ্টি বা কোনো বাধাই তাদের আন্দোলন থামাতে পারবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সখিপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফরিদ সিকদার জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল এবং সখিপুর উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মাওলানা কে এম আনসার আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করেই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন