জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধ ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলার দক্ষিণ সিরাজাবাদ (নতুনপাড়া) থেকে পূর্ব বাহাদুরপুর পর্যন্ত দীর্ঘ সড়কে দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক দিনের অব্যাহত ভাঙনে বেশ কিছু বসতবাড়ি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। এ ছাড়া বিপুল পরিমাণ ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ায় শত শত পরিবার এখন চরম অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ড্রেজিংয়ের মাধ্যমে নদের একপাশে বালু ফেলায় অন্য পাশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে করে বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাকা রাস্তাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে এলাকাটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামপুর উপজেলা কৃষক দলের সভাপতি রেহান আলী, পলবান্ধা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েত সরকার জাহিদ প্রমুখ। বক্তারা নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
আপনার মতামত লিখুন