ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক এক যুবলীগ নেতাসহ দুজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) ও যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট জিআর শাখার এসআই মো. বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দলটির তিনজন কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এই ঘটনায় গত রাতেই এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে থানায় এই মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন