সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৬ জুলাই) দিনভর পরিদর্শনের সময় তিনি হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের খাবারের মান নিজে খেয়ে পরীক্ষা করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তবে জেলা সদর হাসপাতালে শয্যাসংখ্যার তুলনায় খাবারের বরাদ্দ কম থাকায় রোগীদের অসন্তোষের মুখে পড়েন তিনি।
পরিদর্শনের শুরুতে মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন। সেখানে খাবারের মান ও প্রস্তুত প্রণালি দেখার পর তিনি নিজে রান্না করা খাবার খেয়ে দেখেন এবং রান্নার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশংসা করেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীরাও খাবারের গুণগত মান নিয়ে সন্তুষ্টির কথা জানান।
তবে সাতক্ষীরা সদর হাসপাতালে এক রোগী অভিযোগ করেন, সেখানে প্রায় দুই শতাধিক রোগী ভর্তি থাকলেও প্রতিদিন খাবার দেওয়া হয় মাত্র ১০০ জনের জন্য। ফলে অর্ধেক রোগী সরকারি খাবার পান না।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে অনুমোদিত শয্যা অনুযায়ী ১০০ রোগীর জন্য খাবার সরবরাহ করা হয়। তবে জনচাপ বিবেচনায় শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেন।
চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিবেশ নিয়ে কথা বলার সময় মন্ত্রী বলেন, গত ১৭ বছর পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় দেশজুড়ে সংকট তৈরি হয়েছে। এত সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসকেরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় তিনি মোটামুটি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা দুই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া তালা হাসপাতালের এক নৈশপ্রহরীকেও একই অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন