ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আটরশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আরিশা জান্নাত। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিশা অসুস্থ ছিল। তাকে চিকিৎসার জন্য সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন তার মা। পথে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাতি নিয়ে এক ব্যক্তিকে বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলতে দেখা যায়। এ সময় হাতিটি শুঁড় উঁচিয়ে অটোরিকশাটির দিকে এগিয়ে এলে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনায় মায়ের সঙ্গে থাকা আরিশা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
এই ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে আটকে রাখে। একই সঙ্গে হাতিটিকেও সড়কে আটকে রাখা হয়। খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের বাসিন্দা।
সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, মাহুতকে আটক করা হয়েছে এবং হাতিটিকে থানায় আনার প্রক্রিয়া চলছে। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন