বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা শেরপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে ছোট ভাই রাব্বীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে রওনা হয়েছিলেন। পথে বথুয়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে ধুনট-শেরপুর সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত সোহেল রানার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন