চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। হবিগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (২৯ জুলাই) বিকেলে এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে জামালখান প্রেসক্লাবের সামনে এনসিপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। গতকাল হবিগঞ্জে তাদের দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কথা ছিল। এনসিপির কর্মসূচির বিপরীতে একই স্থানে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।
দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও স্লোগান-পাল্টা স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি থানা–পুলিশের অতিরিক্ত সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে ব্যারিকেড গড়ে তোলে।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জে তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচির ডাক দিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপি নেতাকর্মীরা এসে উসকানিমূলকভাবে তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছেন।
অন্যদিকে বিএনপির নেত-কর্মীরা দাবি করেন, এনসিপির নেত-কর্মীরা সরকারপ্রধানের (প্রধানমন্ত্রী) বিরুদ্ধে কটূক্তি করছেন। এই অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিরোধ করতেই তারা রাজপথে নেমেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘প্রেসক্লাব এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়েছে। আমরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাত ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’
আপনার মতামত লিখুন