রাজবাড়ীর কালুখালীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল তিনটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকার চরনারায়ণপুর হাওয়া ভাটা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, প্রাইভেটকার চালক মো. ফরিদ, কৃষি কর্মকর্তার ছেলে তাজভীর এবং পথচারী ইয়াকুব আলী মণ্ডল।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পথচারী ইয়াকুব আলী মণ্ডলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবির জানান, রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভা শেষে পাংশায় একটি সভায় যোগ দিতে ফিরছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনসহ অন্য কর্মকর্তারা। তাদের গাড়িটি বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন ও এক পথচারী আহত হন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, ‘দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে আনা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুরে রেফার করা হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।’
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন