কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুুলাই) ভোরে উখিয়ার ৮ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জুবায়ের (৩৪) নিষিদ্ধ ঘোষিত রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার সদস্য বলে দাবি করেছে পুলিশ।
নিহত জুবায়ের ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একদল অজ্ঞাত সন্ত্রাসী জুবায়েরের বসতঘরে হানা দেয়। তারা তাকে ঘর থেকে টেনে বের করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্প-৮ ওয়েস্টের ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে জুবায়েরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কাছের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এপিবিএন ও স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ‘আরসা’ ও ‘আরএসও’র মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলছিল। এই সংঘাতের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে জুবায়েরের উপস্থিতি এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন সংবাদকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে একজন রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি কথিত আরসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান ও তদন্ত চলছে।’
আপনার মতামত লিখুন