যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্টযাত্রীর টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশের একটি টহল দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সাজ্জাত আলী (২৮) ও বড় আঁচড়া গ্রামের শফিকুল ইসলাম (৩০)। পুলিশ জানায়, সাজ্জাত আলী এর আগেও একই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
ভুক্তভোগী অনিতা সরদার (৬৬) খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের বাসিন্দা। তিনি চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। ২ আগস্ট সকালে বাস থেকে নামার পর অভিযুক্তরা ইমিগ্রেশন সংক্রান্ত সহায়তার কথা বলে কৌশলে তার কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপসের নেতৃত্বাধীন দল তাদের গ্রেপ্তার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, পাসপোর্টযাত্রীদের টার্গেট করা ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন