দেশের প্রতিটি বিভাগে একটি করে অত্যাধুনিক ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। সেই সঙ্গে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য নিশ্চিতকরণে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার কার্যকর প্রয়োগ’ প্রতিপাদ্যে এই সম্মেলন আয়োজিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা যত বাড়বে, নিরাপদ খাদ্য নিশ্চিত করার সক্ষমতাও আমাদের তত উন্নত হবে। ভেটেরিনারি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য খাতেও ৫০০টির বেশি পদের অনুমোদন দেওয়া হয়েছে।’
বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
বাকৃবি উপাচার্য তাঁর বক্তব্যে গ্রামীণ খামার ব্যবস্থার উপযোগী উচ্চ উৎপাদনশীল জাত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন জাত উদ্ভাবন করা, যেন দেশি গরু গড়ে চার লিটার ও ছাগল এক লিটার দুধ দেয় এবং দেশি মুরগি বছরে অন্তত ১৫০টি ডিম দিতে পারে।’ জাতীয় নীতিনির্ধারণে কৃষি বিশ্ববিদ্যালয়কে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘তরুণ নেতৃত্বের কাছ থেকে সমাজ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। কেবল লাইক-ফলোয়ার বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া উচিত নয়। জনগণ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়।’
তিনি আরও যোগ করেন, ‘বিএনপি একটি আধুনিক ও উদার গণতান্ত্রিক দল। আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি এবং কখনোই সংবাদ নিয়ন্ত্রণ করি না। দেশের মানুষ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেলেই বিএনপিকে বেছে নিয়েছে।’
তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ১৬টি অধিবেশনে ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ এবং বিশেষ অতিথি হিসেবে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান উপস্থিত ছিলেন। এছাড়া আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাহসিন ফারজানাসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন