বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জে স্মারক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিনম্র শ্রদ্ধায় কবিগুরুকে স্মরণ করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল। তিনি তার বক্তব্যে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্যের পথপ্রদর্শকই নন, তিনি আমাদের জাতীয় অস্তিত্ব ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। যেকোনো সংকট ও সম্ভাবনায় তাঁর সাহিত্য ও দর্শন আমাদের প্রতিনিয়ত দিকনির্দেশনা দেয়।’
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল চৌধুরী পাবেলের সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী তাছকিরা হক তাজিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা রায়। আলোচকবৃন্দ রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম, ভাবাদর্শ এবং সমাজচিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম এবং সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু। বক্তারা বলেন, কবিগুরুর সৃষ্টিশীলতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে বড় প্রেরণা হিসেবে কাজ করছে।
স্মারক আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন