রংপুর নগরীতে প্রতি লিটার অকটেনে ৫৮ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে মেসার্স ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড় এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিএসটিআই সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাহিগঞ্জ এলাকার ওই ফিলিং স্টেশনে অভিযান চালানোর সময় দেখা যায়, এক গ্রাহক ১০ লিটার অকটেন ক্রয় করেছেন। ওই তেল পরিমাপ করে দেখা যায়, ১০ লিটারে মোট ৫৮০ মিলিলিটার অকটেন কম দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে গ্রাহককে ৫৮ মিলিলিটার করে কম দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।
ভোক্তার পকেট কেটে তেল চুরির এই প্রমাণ হাতেনাতে পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শান প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। অভিযানে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকৌশলী মো. আহসান হাবিব সংবাদকে বলেন, ‘গ্রাহকের সঙ্গে প্রতারণা করে পরিমাপে তেল কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
অভিযান চলাকালে জেলা পুলিশ ও বিএসটিআইয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে রংপুরের অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও নজরদারি বাড়ানো হবে।
আপনার মতামত লিখুন