রাজবাড়ীর গোয়ালন্দে মাত্র কয়েক হাজার পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে শরিফুল ইসলাম হীরা (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. কামরুলকে গ্রেপ্তার করেছে।
নিহত শরিফুল ইসলাম হীরা উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছেলে। তিনি তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অন্যদিকে গ্রেপ্তার কামরুল কুমড়াকান্দি মল্লিকপাড়া এলাকার মো. মঞ্জুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল শরিফুলের কাছে ৫ থেকে ৬ হাজার টাকা পেতেন। এই পাওনা টাকা নিয়ে আজ সকালে তোরাই মোড় এলাকায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল উত্তেজিত হয়ে নিজের কাছে থাকা চাকু দিয়ে শরিফুলকে উপর্যুপরি আঘাত করেন। এতে শরিফুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুল ইসলাম হীরাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সংবাদকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায়, মাত্র কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন