হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় সাতটি করাতকল সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। ১ নম্বর গাজীপুর ইউনিয়নের বিলপাড় এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় লিটন মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। লিটন ওই এলাকার হৃদয় মিয়ার ছেলে। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের শানখলা বাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় ওই এলাকার সাতটি করাতকল সিলগালা করে দেওয়া হয়। এ সময় করাতকলগুলো থেকে সংরক্ষিত বনের কাঠসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার ও সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে করাতকলের মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান। পরে জব্দ করা সরঞ্জাম ও কাঠ বন বিভাগের জিম্মায় রাখা হয়।
আপনার মতামত লিখুন