সংবাদ

চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক
ছবি: সংবাদ

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের বার্থ, টার্মিনাল ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার দীর্ঘদিনের প্রচলিত নিয়োগ ও পরিচালনা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে এসব খাতে অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সরকারের অনুমোদন সাপেক্ষে আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও চট্টগ্রাম বন্দরে কাজ করার আনুষ্ঠানিক আইনি পথ খুলে দেওয়া হলো।

নৌপরিবহন মন্ত্রণালয় গত ৫ নভেম্বর ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ) বিধিমালা, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করেছে। এসআরও নম্বর ৩৯৪-আইন/২০২৬-এর মাধ্যমে জারি করা এই বিধিমালাটি বাংলাদেশ সরকারি মুদ্রালয়ের অতিরিক্ত গেজেটে প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর অধীন অপারেটর নিয়োগ ও পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি হলো।

দরপত্র ও লাইসেন্সের নতুন নিয়ম

এতদিন বন্দরের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি অপারেটরদের অংশগ্রহণ থাকলেও তাদের নিয়োগ ও পরিচালনার জন্য সমন্বিত কোনো গেজেটভুক্ত বিধিমালা ছিল না। নতুন বিধিমালার আওতায় অপারেটর নিয়োগে প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ অনুসরণ করে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হবে। তবে বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রচলিত পদ্ধতিতেও দরপত্র আহ্বান করা যাবে। 

দরপত্রে অংশগ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অপারেটর লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স ও আয়কর ছাড়পত্রসহ অফেরতযোগ্য এক লাখ টাকা জমা দিতে হবে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বন্দর কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ টাকা জামানত রাখতে হবে, যা সরকার প্রয়োজনে গেজেটের মাধ্যমে পরিবর্তন করতে পারবে।

আবেদন যাচাই-বাছাইয়ের জন্য বন্দর কর্তৃপক্ষের একজন সদস্যের নেতৃত্বে সাত সদস্যের কমিটি থাকবে। কমিটিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, নৌপরিবহন মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটির সুপারিশ ও সাক্ষাৎকারের ভিত্তিতে বন্দর বোর্ডের অনুমোদনে লাইসেন্স দেওয়া হবে। 

যোগ্যতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের পর্যাপ্ত জনবল, আধুনিক যন্ত্রপাতি এবং কার্গো-কনটেইনার ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুন প্রতিষ্ঠানকে বাজারে প্রবেশের সুযোগ দিতে প্রাথমিক যোগ্যতার কিছু শর্ত শিথিল এবং একাধিক প্রতিষ্ঠানের যৌথভাবে (জয়েন্ট ভেনচার) আবেদনের সুযোগ রাখা হয়েছে।

বিদেশি অপারেটর ও কাজের বণ্টন

বিধমালায় আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সরকারের যথোপযুক্ত অনুমোদন নিয়ে ‘বিনিয়োগ বাংলাদেশ আইন, ২০২৬’ অথবা সরকারি ক্রয় আইন অনুসরণ করে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া যাবে। নিউমুরিং, পতেঙ্গা ও লালদিয়া টার্মিনালকে ঘিরে আন্তর্জাতিক অপারেটরদের সাথে পরিকল্পনা এবং সম্প্রতি দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সাথে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা চুক্তির প্রেক্ষাপটে এই বিধিমালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন নিয়মে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের দায়িত্ব আলাদা করে দেওয়া হয়েছে। বার্থ অপারেটররা নির্ধারিত জেটিতে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানো, সংরক্ষণ ও সরবরাহ এবং ক্রেন পরিচালনার সময়সূচি সমন্বয় করবে। অন্যদিকে শিপ হ্যান্ডলিং অপারেটররা জাহাজে পণ্য ওঠানো-নামানোর জন্য শ্রমিক ও যন্ত্রপাতি সরবরাহ করবে। কাজের বণ্টনে অনিয়ম ও পক্ষপাত রোধে উপ-ট্রাফিক ম্যানেজারের নেতৃত্বে পাঁচ সদস্যের ‘জাহাজ বরাদ্দ কমিটি’ শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে কাজ বণ্টন করবে।

শ্রমিক সুরক্ষা ও বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ

বিধিমালয়ায় অপারেটরদের জবাবদিহি ও শ্রমিক ব্যবস্থাপনায় কঠোরতা আনা হয়েছে। প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি, সুযোগ-সুবিধা এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। ব্যবহৃত ভারী যন্ত্রপাতির ফিটনেস সনদ প্রতি ছয় মাস এবং হালকা যন্ত্রপাতির সনদ প্রতি তিন মাস অন্তর বন্দর কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

পণ্য ওঠানো-নামানোর সময় মালপত্র ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেলে কিংবা বন্দরের অবকাঠামোর ক্ষতি হলে সংশ্লিষ্ট অপারেটরকে তার দায়ভার নিতে হবে। এ ছাড়া কোনো অপারেটর সরকার বা বন্দর কর্তৃপক্ষের স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী কাজে জড়ালে কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের নিবন্ধন বা লাইসেন্স স্থগিত কিংবা বাতিল করতে পারবে।

অর্থনৈতিক গুরুত্ব ও খাতসংশ্লিষ্টদের প্রতিক্রিয়া

দেশের সামুদ্রিক বাণিজ্যের আমদানি-রপ্তানির প্রায় ৯২ শতাংশ এবং কনটেইনারভিত্তিক বাণিজ্যের ৯৮ শতাংশই পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এই বন্দর ৩ লখ ৯ হাজার ৬৯টি টিইউজেম কনটেইনার, ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ টন কার্গো এবং ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করেছে। আগের বছরের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং ৪ দশমিক ০৭ শতাংশ, কার্গো ১১ দশমিক ৪৩ শতাংশ এবং জাহাজ আগমন ১০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ফলে বন্দরের পরিচালনা দক্ষতার ওপর জাতীয় অর্থনীতির গতিশীলতা সরাসরি নির্ভরশীল।

তবে নতুন বিধিমালয়ায় অভিজ্ঞতার শর্ত শিথিলের সুযোগ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অপারেটররা। বাংলাদেশ বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল ইকরাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘অপারেটর নির্বাচনে অভিজ্ঞতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু আর্থিক সক্ষমতা বা দরপত্রের আনুষ্ঠানিক শর্ত পূরণের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হলে বন্দরের বিশেষায়িত কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে।’

একই আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সারোয়ার হোসেন সাগর গণমাধ্যমকে বলেন, ‘অভিজ্ঞ প্রতিষ্ঠান দায়িত্ব পেলে পণ্য খালাস ও জাহাজ পরিচালনার গতি কমে যাবে, যা শেষপর্যন্ত দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।’

এই বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেদোয়ান হামীম গণমাধ্যমকে বলেন, ‘অপারেটরদের কার্যক্রম একটি নির্দিষ্ট নিয়ম ও কাঠামোর মধ্যে আনতেই নতুন বিধিমালা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এ এ ধরনের বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। নতুন বিধিমালার মাধ্যমে সেই আইনি বাধ্যবাধকতাই বাস্তবায়ন করা হলো।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত