সংবাদ
সংবাদ

পদাবলি

এ সপ্তাহের কবিতা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

এ সপ্তাহের কবিতা

শামুকের গান

দিলারা হাফিজ 

স্মৃতিজল লেগে আছে বিপন্ন

শামুকের গানে...

সেই শীত লাগাভাব আজো যায়নি—

দূর অজানায় ছুঁয়েছিলো কেউ গোপন মাধুর্যে

কোনো এক কার্তিকের ভোরে... মনে হয়

শিউলি বিছানো ঘাসে আজো চিৎ হয়ে শুয়ে আছে প্রাণ

জানি, চাঁদ বিনে দেখেনি কেউ, তবু সেই সন্দেহ জোয়ার

ফিরে ফিরে আসে তটের শাসন রেখায়!

কতদিন আগে মুছে গেছে সেসব দিনের ঘাম

ভয়-ভীতি ছেড়ে ফুলেরা যেমন আনত নরম!

ধূসর ছবি যেন সেসব মুখাবয়ব আজ

হারিয়ে গেছে আকাশ-নক্ষত্রের তলে

নির্ঝরের স্বপ্নভাঙা রাতে ফেলে আসা প্রেমের মতো

মৃদু-মায়াস্বরে কাঁদে আজো আত্মার কেউ...

সময়ের বৃত্তে ঢাকা পড়ে গেছে মেঘরাঙা আকাশ

স্বপ্নের তরী ছুটে গেছে ছবি ও মমির দেশে—

কদিন পরেই দেয়ালের ছবি আঁকা শেষ হলে—

মঞ্চ প্রসারী অবসন্ন আলোর দ্যুতি নিভে যাবে একাকী॥  

কালো চামড়ার ডায়েরি

শামস হক

কালো চামড়ার ডায়েরিতে

মানুষের চেহারার কিছু মানুষ বাক্সবন্দি

তারা এক একটা সুউচ্চ পিরামিডসদৃশ

অন্তত খোলা চোখে তো বটেই

বায়স পাখিরা তাদের দেখে

দু’চোখে খোদাই করে রেখেছে

সুবিশাল দুটি জিজ্ঞাসা চিহ্ন অথবা আশ্চর্যবোধক

যৌনতার বুভুক্ষতায় যে সাপ সাপিনীকে গিলে খায়

এরা তাদেরই উত্তর বংশ কিংবা হতে পারে

তাদেরই ঔরসজাত

অন্তত জিনোম সিকুয়েন্স সে কথাই বলবে

যদিও এরা শ্রেষ্ঠ মাখলুকাতের দৃশ্যমান সাক্ষ্য মাত্র

তাড়নায় তাড়িত হয়ে প্রজন্ম ভক্ষণকারী এইসব

মোহনকান্তি অভিধান ছিঁড়েছুড়ে নিশ্চিহ্ন করেছে 

                        একগুচ্ছ ইতিবাচক শব্দ

এখন গোটা ধরিত্রী এদের বেড়াজালে—

অতএব নোঙ্গর তোল বৈঠা ধরো।  

এই ঘুম অলীক প্রশ্নকুসুম

মাসুদ খান

হইহুল্লোড় আর দস্যিপনা-শেষে

ঘরভর্তি আড্ডাবাজদের ধুম বাদ্য-কোলাহলের মধ্যেই

আলাভোলা শিশুর মতন অবলীলায় হঠাৎ

ঘুমিয়ে পড়লে তুমি লম্বালম্বি সোফার ওপর।

এই ঘুম অলীক প্রশ্নকুসুম

এই ঘুম যেন কোনো ধুম-লাগা নবান্ন মৌসুম

এই ঘুম ’আমরা এমনিই এসে ভেসে যাই’-গাওয়া পরিরাজ্য থেকে আসা

পরিদের স্পর্শধন্য।

এই ঘুম জ্যোৎস্নারাতে শান্ত মাঝনদীতে আচমকা নৌকাডুবির মতোই

স্নিগ্ধ ও প্রসন্ন।

অনাড়ষ্ট তোমার শয়নসজ্জা,

ঘুমন্ত সুস্মিত মুখ, সে-মুখের ভূমণ্ডল,

তা থেকে বিকীর্ণ দিব্য আভা, প্রশ্বাসের অক্সিজেন—

সব যেন কেমন অদ্ভুত অতীন্দ্রিয় সুরে বাঁধা!

আর ওই দৃশ্যটুকু যখনই ভেসে ওঠে মনে,

বহুদিন পরে, এখনো, চোখের দুটি কোণ হয়ে ওঠে আরক্তিম।

তারপর নিঃশব্দে বেরিয়ে আসে দুই ফোঁটা অশ্রুর শিশির।

সৌন্দর্যের প্রহার কি এমনই নির্মম তবে? এমনই অব্যর্থ, অনিবার্য? 

চাষবাস করে খাই

দিলীপ কির্ত্তুনিয়া

চাষবাস করে খাই। চাষবাস করতেও আর ভালো লাগে না। কারণ ফসলের দাম পাই না। তাই উদভ্রান্তের মতো ঘুরি। বংশ পরম্পরায় এই কাজ করছি— কোথায় যাব! সময় হলে আষাঢ় শ্রাবণ মাসে জমি ডাকে। বৃষ্টির শব্দে গাত্রে দাহ ওঠে। জমি পোয়াতি হতে চায়। না করলে কী হবে— এই কথাও ভাবি। না করলে তো সামনে আরো অন্ধকার। দ্বিধার ভেতর পড়ি। দ্বিধা তো নয় যেন গভীর পুকুর। আর আমি সাঁতার না জানা বালক।

বিকল্প বাসনা জাগে। জমির প্রতি অভিমান আসে। দোষ তো মানুষের। জমির তো কোনো দোষ নেই। তাই আবার লাঙ্গল কাঁধে তুলি। মাঠের দিকে পা বাড়াই। গান গেয়ে সব ভুলে থাকি। 

আমার তিতাস 

সোহেল মাহমুদ

বোয়ালিয়া বিল পোড়া স্মৃতির স্মারক,

কালি বাউশের ঘরে গর্ধবের ঘাস!

সিমেন্টের সরোবরে বেদুইন বক,

মরুর জাহাজ হলো তৃষ্ণার্ত তিতাস!

সময়ের শবাধারে ঐতিহ্যের লাশ,

প্রযুক্তির পিরামিডে কাদার গুতুম।

পৌরাণিক ভবঘুরে বুনো বালিহাঁস,

অবজ্ঞার প্রত্নতত্ত্ব জেলের ভুতুম!

এখন উদ্বাস্তু শোল, কাকিলা, মৃগেল;

বাঘাইর ও বৌরানী— কালের প্রলাপ!

নিসর্গের নিপাতনে ঈশ্বর উদ্বেল,

ভূগোলের বুক ভরা নান্দনিক পাপ!

জল আর জানোয়ারে জবর সংঘাত,

আমার তিতাস মরে— বিলুপ্ত ফোরাত!   

বর্তমান

শারদুল সজল

বন্ধুত্ব বাঁচিয়ে রাখা যায় না— চলো শত্রু হয়ে যাই।

পাখিপালকের উড়াল না জেনে 

পৃথিবীর বিপরীত স্রোতে যারা ভাসমান 

সমতল অন্ধকার যাদের করেছে গ্রাস 

তাদের ভেতর পৃষ্ঠার ফটোকপিতে মায়ারশ্মি কাঁদে

কেঁদে ওঠে শিলাবৃষ্টি শহর

ভূগর্ভস্থ— ৭০ ফিট মাটিস্তন জলের ফোয়ারা 

শস্যের শিকড় গভীরে পৌঁছনোর আগে 

জলাতঙ্ক রোগের ভেতর ছড়িয়ে পড়ে মহাকাল 

আর আমরা ছোট হতে হতে পিঁপড়ের ছায়ায় তলিয়ে যাই  

বর্তমান নাকি এরকমি! কেউ কাউকে খুঁজে পায় না 

জীবনানন্দ ফিরে গেছে

আব্দুল ওয়াদুদ দুলাল

জীবনানন্দ ফিরে গেছে কার্তিকের রাতে

নক্ষত্রের ছায়া পড়েনি আকন্দফুলে

মাঠে— ঘাসের ঠোঁটে, শিশিরের জলে

স্বপ্ন ছেঁড়া নিদ্রাহীন চোখে 

পৃথিবীর অনেক মানুষের আকাশে

অথবা আকাশ ছিলো না কোথাও—

আগের মতো নয়

জেগে উঠবে ফের অচেনা সময়

আবার দেখা হবে— অন্য কোনো রাতে

অদৃশ্য দূরত্বের পবিত্র অন্ধকারে

অনেক মানুষ থাকবে না আর

মানুষের দীর্ঘ ভিড়ে

কেউ কেউ বলবে সেদিন— সে এক

ভালোবাসার প্রাচীন সময়। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এ সপ্তাহের কবিতা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত