পার্বত্য এলাকার বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই সরকার পাহাড়ের ১২টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বান্দরবানের সুয়ালক এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ‘ম্রো কমপ্লেক্স’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি মাত্র ৪৬ দিন হয়েছে। ক্রমান্বয়ে সব সমস্যার সমাধান করা হবে। জুম চাষকে আরও আধুনিকায়ন করা, উৎপাদিত ফসল দ্রুত পরিবহনের ব্যবস্থা করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তিন পার্বত্য জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ম্রো কমপ্লেক্সকে আরও সম্প্রসারিত করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে আরও শান্তিপূর্ণ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি সুয়ালক মাঝের পাড়ায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের ‘জলকেলি’ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহাম্মদ।
অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আবদুর রহমান, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বীন মুহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান মিটুন ও আবদুল মাবুদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন