গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৫২)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার আনসার একাডেমি লেক সংলগ্ন রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শফিকুল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার বাসিন্দা। তিনি সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ‘প্রডাকশন অ্যাটেনডেন্ট’ হিসেবে কর্মরত ছিলেন। সফিপুর এলাকায় আনসার একাডেমির ৩ নম্বর গেট সংলগ্ন একটি ভবনের ফ্ল্যাটে তিনি সপরিবার বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে শফিকুলের সহকর্মী ও স্বজনেরা থানায় গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, শফিকুলের স্ত্রীও একই কারখানায় কাজ করেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন শফিকুল। তবে নির্ধারিত সময় শেষে স্বামীকে না পেয়ে তার স্ত্রী একাই বাসায় ফেরেন। রাত গভীর হলেও শফিকুল বাসায় না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকালে খবর পেয়ে থানায় গিয়ে তারা শফিকুলের মরদেহ শনাক্ত করেন।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রোকনউদ্দিন খান বলেন, ‘বুধবার রাত সাড়ে আটটার দিকে শফিকুল কাজ শেষ করে কারখানায় থেকে বাসায় ফিরে যান। পরে রাতেই তার নিখোঁজ হওয়ার খবর জানতে পারি।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন