নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে একটি লাউক্ষেতের গাছ কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪০ শতাংশ জমির কয়েক’শ ফলন্ত লাউগাছ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আলী আকবরের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে স্থানীয় প্রতিপক্ষের লোকজন তার এই ক্ষতি করেছে। এ ঘটনায় আলী আকবরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবরের পরিবারের সঙ্গে প্রতিবেশী একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার লাউক্ষেতে ঢুকে প্রায় ৬০০টি লাউগাছ গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলী আকবর বলেন, ‘৪০ শতাংশ জমিতে লাউ চাষ করতে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় হয়েছে। গাছগুলোতে ফল আসা শুরু করেছিল। এই খেত থেকে অন্তত ৫-৬ লাখ টাকার লাউ বিক্রির আশা ছিল। কিন্তু এক রাতেই সব শেষ করে দিল। এখন আমি কীভাবে ধারদেনা শোধ করব, তা ভেবে পাচ্ছি না।’
আলী আকবরের স্ত্রী সালমা বেগম বলেন, খেত কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের উল্টো মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা বর্তমানে আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন ভূঁইয়া বলেন, ‘লাউগাছ কেটে ফেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন