ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলি করা হয়েছে। এ ঘটনা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে ওএমআর শিটগুলো সংগ্রহ ও সংরক্ষণের সময় ১৫৪টি শিট নিখোঁজ হয়।
এ ঘটনায় সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে (টাঙ্গাইল ও অন্য জেলায়) তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনে চূড়ান্ত গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ায় ফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শিক্ষা বিভাগ থেকে আশ্বস্ত করা হয়েছে। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতিমধ্যে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।
আপনার মতামত লিখুন