নওগাঁর সাপাহারে মোটরসাইকেলে করে পেট্রল সংগ্রহ করে জারকিনে মজুদ করার দায়ে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার সাপাহার ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. হাসান আলী (৪২)। তিনি পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কমলাবাটি গ্রামের বছির উদ্দীনের ছেলে এবং একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম। অভিযান চলাকালে সাপাহার ফিলিং স্টেশনে দেখা যায়, ওই ব্যাংক কর্মকর্তা মোটরসাইকেলে করে পেট্রল সংগ্রহ করে কৌশলে তা জারকিনে ভরে মজুদ করছিলেন। পুনরায় মোটরসাইকেলে পেট্রল নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সরকারি নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন