হবিগঞ্জের চুনারুঘাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ তামার তার ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চুনারুঘাট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম সালিমুল হক জানান, আজ ভোররাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জহির হোসেন (২৫), জাকির হোসেন (২৮), সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) ও সোহাগ মিয়া (৩৩)। তাঁদের মধ্যে জহির ও জাকিরকে হবিগঞ্জ সদর এবং বাকি চারজনকে মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগ মিয়ার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৮৩ হাজার ৭৬০ টাকা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। সম্প্রতি চুনারুঘাটের বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ বিশেষ অভিযানে নামে। এই চক্রের গ্রেপ্তারের ফলে চুরি অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি নতুন মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে থানার পরিদর্শক (তদন্ত) মীর আল-আমীনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন