সুনামগঞ্জের হাওরাঞ্চলে বৈরী আবহাওয়া আর আগাম বন্যার আশঙ্কার মধ্যে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিশেষ দল ‘সঞ্জীবনী প্লাটুন’। সোনালি ধান কাটার এই ভরা মৌসুমে তীব্র শ্রমিক সংকটের মুখে পড়া কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বাহিনীর সদস্যরা।
পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে ৮০ শতাংশ পরিপক্ক ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এমন সংকটময় পরিস্থিতিতে গত ২৬ এপ্রিল থেকে জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার হাওরগুলোতে ধান কাটতে শুরু করেছেন আনসার ও ভিডিপির সদস্যরা। রোববার এক দিনেই তারা প্রান্তিক কৃষকদের ২৬ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, ‘শ্রমিক সংকট ও বৃষ্টির পূর্বাভাসে হাওরের কৃষকেরা অত্যন্ত দুশ্চিন্তায় আছেন। কৃষকের সোনালি ফসল যেন চোখের সামনে নষ্ট না হয়, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা ‘সঞ্জীবনী প্লাটুন’ মাঠে নামিয়েছি। আমাদের সদস্যরা কৃষকের আপনজন হয়ে কাজ করছেন। লক্ষ্য একটাই—দ্রুততম সময়ে যেন পরিপক্ক ধান নিরাপদে কৃষকের গোলায় পৌঁছানো যায়।’
দুর্যোগের মুখে আনসার ও ভিডিপি সদস্যদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় কৃষকেরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, এই সদস্যরা পাশে না থাকলে হয়তো শ্রমের ফসল খেতেই তলিয়ে যেত।
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের মনোবল চাঙ্গা রাখতে এবং ফসল রক্ষা করতে আগামী দিনগুলোতেও অন্যান্য উপজেলায় এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন