টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ গরু জবাই এবং চামড়ার গুদাম ও পোল্ট্রি বর্জ্যের দুর্গন্ধ ছড়ানোর দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) দুপুরে এই অভিযান চালিয়ে তাদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারের একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রোগাক্রান্ত গরু জবাই করে আসছিল। এ ছাড়া বাজারের ভেতরেই নিয়মবহির্ভূতভাবে গড়ে তোলা হয়েছে পশুর চামড়ার গুদাম। চামড়া ও পোল্ট্রি মুরগির বর্জ্যের দুর্গন্ধে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের নাভিশ্বাস উঠছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অসুস্থ ষাঁড় জবাইয়ের প্রস্তুতি এবং জনবহুল বাজারে অপরিকল্পিতভাবে চামড়া মজুত রাখার সত্যতা পাওয়া যায়। জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, ‘জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে অসুস্থ পশু জবাই এবং বাজারে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা দণ্ডনীয় অপরাধ। তিন ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি বাজারের পরিবেশ বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন