সংবাদ

পাত্রখোলায় মৃত্যুকালেও অটুট ধর্মীয় সম্প্রীতি

প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:১৩ এএম

পাত্রখোলায় মৃত্যুকালেও অটুট ধর্মীয় সম্প্রীতি
দেড়শ বছর ধরে এক জমিতেই শ্মশান, কবর ও সমাধি। ছবি : সংবাদ

মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান। সবুজ পাহাড় আর চা-গাছের স্নিগ্ধতার মাঝে এখানে লুকিয়ে আছে এক বিরল মানবিক গল্প। জীবনের শেষ অধ্যায়ে এসে এই জনপদে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান এই ৩ ধর্মের মানুষ মিলেমিশে একাকার হয়ে যান একই আঙিনায়। আলাদা বিশ্বাসে জীবন কাটালেও শেষযাত্রায় তারা ঠাঁই পান পাশাপাশি গড়ে ওঠা শ্মশান, কবরস্থান ও সমাধিস্থলে। ধর্মীয় সম্প্রীতির এমন দৃষ্টান্ত কেবল ব্যতিক্রম নয়, বরং অনুকরণীয়।

প্রায় দেড়শ বছর ধরে অটুট রয়েছে এই সহাবস্থানের ইতিহাস। পাত্রখোলা চা বাগানের একটি নির্দিষ্ট স্থানে ধর্ম ও বর্ণনির্বিশেষে প্রত্যেকের শেষকৃত্য সম্পন্ন হয় নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী। তবুও স্থানটি এক, একই আকাশের নিচে চিরনিদ্রায় শায়িত থাকেন তিন ধর্মের মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৮৭৫ সালে চা বাগান প্রতিষ্ঠার সময় প্রায় ১৮ হাজার শ্রমিকের শেষকৃত্যের জন্য পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই শুরু থেকে আজ পর্যন্ত এই সমাধিস্থল ঘিরে কোনো বিরোধ ঘটেনি। বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ শিখছে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা।

বাগানে বসবাসরত বাসিন্দারা জানান, তাদের পূর্বসূরিরা সচেতনভাবেই এই ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যেন ভবিষ্যৎ প্রজন্ম সৌহার্দ্যের গুরুত্ব বুঝতে পারে। সেই ধারা বজায় রেখে আজও এখানে ঈদ, পূজা ও বড়দিন পালিত হয় সম্মিলিত উৎসবে।

এই সম্প্রীতির গুরুত্ব ফুটে ওঠে স্থানীয় ধর্মীয় নেতাদের বক্তব্যেও। পাত্রখোলা চা বাগান সার্বজনীন মন্দিরের পুরোহিত রাজেশ প্রসাদ শর্মা, জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ এবং গির্জার সদস্য উজ্জ্বল বিশ্বাস বলেন, “তিন ধর্মের মানুষের শেষকৃত্য আলাদা রীতিতে হলেও আমাদের ঠিকানা এক। আমরা বিশ্বাস করি, ইহকালের মতো পরকালেও আমরা একসঙ্গেই থাকব।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এই সহাবস্থানকে ‘বিরল’ উল্লেখ করে বলেন, “এখানে দীর্ঘদিন ধরে তিন সম্প্রদায়ের মানুষ কোনো বিরোধ ছাড়াই পাশাপাশি শেষকৃত্য সম্পন্ন করছেন। এটি ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ।”

তবে এই সমৃদ্ধ ঐতিহ্যের স্মারক সমাধিস্থলটির অবকাঠামোগত উন্নয়ন এখনো অবহেলিত। স্থানীয় বাসিন্দারা সীমানা দেয়াল নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহায়তা চেয়েছেন।

ভারতের ত্রিপুরা সীমান্তসংলগ্ন পাত্রখোলা চা বাগানটি জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সবুজে ঘেরা এই নীরব সমাধিস্থল যেন বারবার মনে করিয়ে দেয়, বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু দিনশেষে মানবিকতা আমাদের একই মাটিতে মিলিয়ে দেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পাত্রখোলায় মৃত্যুকালেও অটুট ধর্মীয় সম্প্রীতি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত