সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে বালু লুটের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ সময় বালুভর্তি একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার নামীয় আসামিরা হলেন-উপজেলার ঘাগটিয়া গ্রামের মান্না মিয়া ওরফে শাহ মান্না, রোমান মিয়া ওরফে রোমান শাহ, মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ, ইমাম হোসেন ও তোফাজ্জল হোসেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘাগটিয়া ঝালোরটেক এলাকায় যাদুকাটা নদীর পশ্চিম তীর কেটে একদল লোক বেআইনিভাবে বালু লুট করছিল। খবর পেয়ে টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা কয়েকটি নৌকা নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি ট্রলার জব্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও তাহিরপুর থানার এসআই সালাউদ্দিন মোল্লা আজ বুধবার বিকেলে বলেন, নদীর তীর কেটে বালু লুটের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন