জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গাজীপুরের কামতা ও তিতাস গ্যাস ফিল্ডে চারটি নতুন কূপ খনন শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।
বুধবার (২০ মে) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় কামতা গ্যাস ফিল্ডে একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কাজের উদ্বোধন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এই প্রকল্পের কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব শিল্প উদ্যোক্তা কারখানা প্রস্তুত করে গ্যাসের অপেক্ষায় আছেন, তাদের আগামী বছর গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এতে একদিকে যেমন হাজারো মানুষের কর্মসংস্থান হবে, অন্যদিকে জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমে আসবে।’
সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানিনির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার বার্তা দিচ্ছে। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে পারলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।
জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে অনেক সময় সিদ্ধান্ত সমন্বয় করতে হয়। তবে সরকার মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সংকট নিরসনে দৃঢ়প্রতিজ্ঞ। আবাসিক সংযোগের চেয়ে বিদ্যুৎকেন্দ্র ও শিল্প খাতে গ্যাস সরবরাহকে সরকার এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজিএফসিএল আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।
এ সময় বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খনন ঠিকাদার সিসিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন