বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে শরণখোলা রেঞ্জের ফুসফুসের চরসংলগ্ন এলাকা থেকে ‘জাহাঙ্গীর বাহিনী’ নামের একটি বনদস্যু দল তাদের অপহরণ করে। অপহৃতদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপহৃত জেলেদের মহাজন ও শরণখোলার রাজাপুর গ্রামের এক মৎস্য ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার রাতে সাগর মোহনায় মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালায় দস্যু জাহাঙ্গীর বাহিনী। এ সময় তারা একটি ট্রলারসহ ১২ জেলেকে তুলে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হলেন-পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। ওই ব্যবসায়ীর দাবি, দস্যুদের কবজায় আরও কয়েকজন জেলে থাকতে পারেন। দস্যু দলে ১৫-১৬ জন সশস্ত্র সদস্য ছিল এবং তাদের পরনে বিশেষ ধরনের পোশাক ছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ট্রলারসহ ১২ জেলেকে অপহরণের বিষয়টি শেলা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান তাকে অবহিত করেছেন। খবর পাওয়ার পরপরই শেলা অফিসের বনরক্ষীরা রাতে দস্যুবিরোধী অভিযান শুরু করেন। তবে দস্যুরা গহীন বনে গা-ঢাকা দেওয়ায় এখনো অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, অপহরণের বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন