লঞ্চঘাটের পন্টুন আধুনিকায়ন ও নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখতে পারলে দেশের নৌপরিবহনের পুরনো ঐতিহ্য ফিরে আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (৩১ মে) সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পন্টুনগুলোর আধুনিকায়ন এবং নদীপথগুলো সচল রাখা গেলে নৌপথ আবারও মানুষের আস্থার বাহনে পরিণত হবে। এর সুফল ভোগ করবে দেশের সাধারণ মানুষ। আমরা চাই নৌপথ তার হারানো গৌরব ফিরে পাক।’0
শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে রাজিব আহসান বলেন, পুরনো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে। বর্তমানে মাত্র একটি সচল থাকলেও বাকিগুলো চলাচলের উপযোগী নয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব ঐতিহ্যবাহী স্টিমারকে বিকল্পভাবে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নৌপথকে জনগণের প্রধান আস্থার বাহন হিসেবে প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের লক্ষ্য।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম উপস্থিত ছিলেন। এছাড়া বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন