ঈদের আমেজ এখনো কাটেনি। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির সান্নিধ্য পেতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। রোববার (৩১ মে) ঈদের চতুর্থ দিনেও উপজেলার ‘বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক’ ও ‘ভাই ভাই মিনি পার্কে’ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঘোড়াশাল পৌর এলাকার ৬০ বিঘা জমির ওপর গড়ে ওঠা বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্কে দর্শনার্থীরা দল বেঁধে ঘুরছেন। কেউ রাইডে চড়ে আনন্দ করছেন, কেউবা বাগানের ফুল ও হ্রদের প্যাডেল বোটে চড়ে সময় কাটাচ্ছেন। কোলাহলমুক্ত শান্ত পরিবেশ ও কলকারখানার শব্দদূষণ না থাকায় প্রকৃতিপ্রেমীদের কাছে এটি অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
একই চিত্র দেখা গেছে ঘোড়াশাল বাজার থেকে কাছেই করতেতৈল গ্রামের ‘ভাই ভাই মিনি পার্কে’। এখানেও পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকে।
পার্কে ঘুরতে আসা দম্পতি কামাল হোসেন ও বিলকিস বেগম বলেন, ‘শহরের ব্যস্ততার বাইরে একটু নিরিবিলি পরিবেশের জন্য এখানে আসা। প্রকৃতির কাছাকাছি সময় কাটিয়ে বেশ ভালো লাগছে।’ শিশুদের জন্য নানা রাইড ও খেলাধুলার ব্যবস্থা থাকায় তারা অনেক আনন্দিত বলে জানায় শিশু চাঁদনী।
শিবপুর থেকে আসা একদল তরুণ জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা বন্ধুরা মিলে এখানে এসেছেন। তাদের পরনে ছিল পছন্দের ফুটবল দলের জার্সি।
বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্কের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য ১৫০ টাকা এবং শিশুদের জন্য ১০০ টাকা। নরসিংদীর পাঁচদোনা থেকে ৫ কিলোমিটার এবং ঘোড়াশাল বাসস্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার পূর্বে ভাগদী বাসস্ট্যান্ডের কাছে এর অবস্থান।
পার্ক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের আমেজ আরও কয়েক দিন থাকবে বলে আশা করছেন তারা।
আপনার মতামত লিখুন