নওগাঁর রাণীনগর উপজেলার শফিকপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ‘এস পি ব্রাদার্স ওয়ারিয়র্স শফিকপুর ক্লাব’ এই উৎসবের আয়োজন করে।
ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (শুক্র ও শনিবার) শফিকপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসবে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা উপভোগ করতে মাঠে ভিড় জমান দর্শনার্থীরা।
প্রতিযোগিতার মধ্যে ছিল বৃদ্ধদের হাঁড়ি ভাঙা, ছোট-বড় সবার জন্য বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং শুকনো মাটিতে হাঁস ধরাসহ গ্রামীণ নানা আয়োজন। আকর্ষণীয় এসব খেলা দর্শকদের দারুণভাবে মোহিত করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের করপোরাল সুমন প্রামানিক, সাংবাদিক মুরাদ মৃধা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল প্রামানিক প্রমুখ।
আয়োজক কমিটির সদস্যরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতেই এই আয়োজন। আগামী দিনেও এমন উৎসবের ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। ক্রীড়া প্রতিযোগিতার শেষ পর্বে দর্শকদের বাড়তি আনন্দ দিতে ছিল আকর্ষণীয় রাফেল ড্র।
আপনার মতামত লিখুন